মোদী, পুতিন ও জিনপিংয়ের জমজমাট আসর! পাশ দিয়ে নীরবে হেঁটে গেলেন শাহবাজ শরিফ

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চলা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিটের একটি দৃশ্য এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্মেলনে ভারত, চিন, রাশিয়া ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা অংশ নিলেও ক্যামেরার আলো সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছেন নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং।
সামনে আসা একটি ভিডিয়োয় দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে এগিয়ে আসার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। জিনপিং এগিয়ে এসে মোদীর দিকে হাত বাড়িয়ে দেন এবং দুই নেতার মধ্যে করমর্দন হয়। একই সঙ্গে পুতিনের সঙ্গেও উষ্ণ সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর পুতিনকে মোদীর কাঁধে হাত রেখে বন্ধুসুলভ ভঙ্গিতে মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
ঠিক সেই মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মোদী, পুতিন এবং জিনপিংয়ের এই ত্রিমুখী কথোপকথন ও ভিড়ের পাশ দিয়েই তাঁকে নীরবে নিজের নির্দিষ্ট আসনের দিকে চলে যেতে দেখা যায়। তিন শক্তিশালী নেতার মাঝখানে এই দৃশ্য এড়িয়ে শাহবাজের নিঃশব্দ প্রস্থান মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে।
সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। একটি ছবিতে পুতিনের পাশে শাহবাজ শরিফকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও অন্য ছবিগুলোতে মোদীর সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেখা গেছে। কূটনৈতিক মহলের মতে, এই এসসিও সামিট বিশ্ব রাজনীতির সমীকরণ নতুন করে তৈরি করছে, আর তার মাঝেই এই ভাইরাল ভিডিয়োটি আলোচনার খোরাক জুগিয়েছে।