রাতারাতি চারগুণ বাড়ল হস্টেলের ফি! ৭ হাজারের বদলে দিতে হবে ২৭ হাজার, লখনউ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জেরে তুলকালাম

এক ঝটকায় হস্টেলের ফি চারগুণ বাড়িয়ে দেওয়ায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে লখনউ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রণবীর সিং হস্টেলের ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা। ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে হস্টেল ফি সরাসরি ২৭,০০০ টাকা করায় চরম অসন্তোষ ছড়িয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন সরাসরি উপাচার্যের (ভিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হস্টেলের রক্ষণাবেক্ষণ ও মেসের খরচ সামাল দেওয়ার জন্যই এই ফি বৃদ্ধি করা হয়েছে। কিন্তু প্রশাসনের এই যুক্তি মানতে নারাজ আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের প্রশ্ন, রক্ষণাবেক্ষণের বাড়তি খরচ কেন সাধারণ শিক্ষার্থীদের পকেট থেকেই মেটাতে হবে?

বিক্ষোভকারী শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, রক্ষণাবেক্ষণের নামে এই অতিরিক্ত ফি বৃদ্ধি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিশ্ববিদ্যালয় যদি হস্টেল সংস্কারে কোনো অর্থ ব্যয় করে থাকে, তবে কোথায় এবং কী খাতে কত টাকা খরচ হয়েছে, তার সমস্ত হিসাব ও রশিদ জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি অবিলম্বে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও তুলেছেন তাঁরা। পড়ুয়াদের হুঁশিয়ারি, তাঁদের এই দাবি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে। এমনকি দাবি না মানলে রাজ্যপালের কার্যালয় ঘেরাও করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *