“বিগ বস শুরু হতেই মহাঝামেলা!”-প্রথম দিনেই তেলের বায়না ধরে ট্রোলের মুখে জনপ্রিয় নায়িকা?

সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে বহুল প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’ সিজন ৩। ১৫ জন তারকা প্রতিযোগী নিয়ে শুরু হওয়া এই রিয়েলিটি শোয়ের প্রথম দিন থেকেই হাউসের অন্দরে চরম উত্তেজনা ও গন্ডগোল শুরু হয়ে গেছে। তিন মাস ধরে চলা এই শোয়ের প্রথম ২৪ ঘণ্টাতেই একাধিক নাটকীয় মোড় দেখেছেন দর্শকরা।

মনামীর তেলের বায়না ও বিপত্তি

বিগ বস হাউসে পর্যাপ্ত পরিমাণে রেশন আসলেও রান্নার তেল নিয়ে বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সোমবারের এপিসোডে তাঁকে বলতে শোনা যায়, তিনি সাদা তেল একদমই খেতে পারেন না, খেলেই তাঁর বমি পায়। স্বাস্থ্যগত কারণে নয়, সর্ষের তেল বা অলিভ অয়েল ছাড়া অন্য কোনো তেলের খাবার তাঁর মুখে রোচে না। এমনকী পরোটাও ঘিতে ভাজা চাই তাঁর। শোয়ের প্রথম দিনেই খাবারের এমন বাছবিচার নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে চর্চা।

ক্যাপ্টেনসি নিয়ে চরম বচসা

প্রথম সপ্তাহের ক্যাপ্টেন পদের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছিলেন ভরত কল, সোনামণি সাহা, সৃজলা গুহ, মনামী ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস। নিয়ম ছিল কেউ নিজেকে ভোট দিতে পারবেন না। এই ভোটদান পর্বকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে ঘরের পরিবেশ। নন্দিনী যখন নিজের বক্তব্য রাখছিলেন, তখন আচমকা সোফা থেকে উঠে যান ভরত কল। বিষয়টি ভালোভাবে নেননি মনামী এবং তিনি সরাসরি ভরতকে থামিয়ে দেন। এত নাটক ও বাকবিতণ্ডার পর শেষমেশ প্রতিযোগীদের ভোটে প্রথম সপ্তাহের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হন ভরত কল। যদিও তাঁর জয়ে ঘরের সবাই সমান খুশি নন।

সোনামণির ক্ষোভ

এদিকে রান্নাঘরের দায়িত্ব সামলাতে গিয়ে একাকীত্বের শিকার হয়েছেন সোনামণি সাহা ও সৃজলা গুহ। রান্না করতে করতেই সোনামণি অভিযোগ করেন যে কেউ তাঁদের সাহায্য করতে এগিয়ে আসছে না, এমনকি কেউ জানতেও চাইছে না তাঁদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। সহকর্মীদের এই অসহযোগিতায় বেশ ক্ষুব্ধ অভিনেত্রী।

উল্লেখ্য, এবারের সিজনে মনামী ও ভরত ছাড়াও প্রতিযোগীর তালিকায় রয়েছেন সৃজলা গুহ, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, আলেকজান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল, ঝিলাম গুপ্ত, সায়ক চক্রবর্তী, সোহিনী পাল, জয়িতা চ্যাটার্জি, তনুশ্রী রায় দাস, নন্দিনী দত্ত, দীপেন্দু বিশ্বাস ও দুর্নিবার সাহা। প্রথম সপ্তাহেই ঘরের অন্দরে ক্ষমতার লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *