“ভিতরে জেরা, বাইরে ধুন্ধুমার বিক্ষোভ”-থানায় হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!

ক্যামাক স্ট্রিটকাণ্ডে পুলিশের নোটিশের জবাব দিয়ে অবশেষে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তিনি থানায় প্রবেশ করেন এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা তাঁর ব্যক্তিগত বাউন্সারদের থানার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে, নেতার হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই থানার বাইরে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে থেকে তৃণমূলের নামাঙ্কিত হোর্ডিং সরাতে গিয়ে চরম বিরোধের সৃষ্টি হয়। পুরসভা ও পুলিশের দল হোর্ডিং খুলতে গেলে বাধা দেন দলীয় কর্মীরা। খবর পেয়ে অভিষেক ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের তীব্র বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। সরকারি কর্মীদের কাজে বাধা এবং মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগে মোট তিনটি মামলা রুজু করে পুলিশ, যার মধ্যে দুটিতে নাম রয়েছে অভিষেকের। সেই সূত্র ধরেই তাঁকে মঙ্গলবার বেলা ১২টার মধ্যে তলব করা হয়েছিল।

এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। গত শুক্রবার তৃণমূলের তরফে জরুরি ভিত্তিতে মামলা করা হলেও আদালত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকার করে। ফলে পুলিশের জেরার মুখোমুখি হওয়া ছাড়া উপায় ছিল না।

এদিন নির্ধারিত সময়ের আগেই শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন অভিষেক। বৃষ্টির তোয়াক্কা না করে থানার বাইরে উপচে পড়েছিল কর্মী-সমর্থকদের ভিড়। ‘দাদা’ যতক্ষণ থানা চত্বরে থাকবেন, ততক্ষণ তাঁরা সেখান থেকে সরবেন না বলে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে থানা চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *