রোজকার ডিমের ঝোল খেয়ে ক্লান্ত? মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলের দুর্দান্ত ‘ডিম মাখানি’!

আমিষের দিনে কিংবা ব্যস্ততার মাঝে দ্রুত সুস্বাদু খাবারের আয়োজনের ক্ষেত্রে ডিমের জনপ্রিয়তা বরাবরের জন্যই তুঙ্গে। সুস্বাদু স্বাদের পাশাপাশি ডিমে ভরপুর পুষ্টিগুণও রয়েছে। একটি ডিমে প্রায় ৬ থেকে ৭ গ্রাম হাই প্রোটিনের পাশাপাশি প্রায় ৫ গ্রাম ফ্যাট থাকে, যে কারণে দেশের বেশিরভাগ পরিবারেই সপ্তাহের প্রায় দিনই কোনো না কোনোভাবে ডিমের পদ রান্না করা হয়। তবে রোজকার সেই পরিচিত ডিমের ঝোল বা পাতলা জলো ঝোল কিংবা কালিয়া খেতে খেতে অনেকেই এখন বোর হয়ে যান। আর ঠিক এই একঘেয়েমি কাটাতে এবং পাতে নতুন স্বাদ আনতে আপনি অনায়াসেই ট্রাই করতে পারেন জিভে জল আনা ‘ডিম মাখানি’।

ডাল মাখানি বা পনির মাখানি তো হামেশাই খেয়েছেন, কিন্তু বাড়িতে কখনো ‘ডিম মাখানি’ বানিয়ে দেখেছেন কি? এই অভিনব ও সুস্বাদু পদটি রান্না করা যেমন অত্যন্ত সহজ, তেমনই হাতে সময় কম থাকলেও ঝটপট এটি বানিয়ে ফেলা সম্ভব। রেস্তোরাঁর স্বাদের এই পদটি ঘরেই তৈরি করতে চাইলে দেখে নিন এর প্রয়োজনীয় উপকরণ এবং সহজ রান্নার পদ্ধতি।

ডিম মাখানির প্রয়োজনীয় উপকরণ:

সেদ্ধ ডিম – ৪টি

পেঁয়াজ কুচি – ১টি

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

টমেটো কুচি – ২টি

কাঁচালঙ্কা কুচি – ২টি

গোটা জিরে – ১/৪ টেবিল চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো – আধ চা চামচ

ফ্রেশ ক্রিম – ২ টেবিল চামচ

মাখন – ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ

ঘি – ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি

গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারচিনি) ও নুন-হলুদ পরিমাণমতো

সহজ রান্নার প্রণালী:

প্রথমে ডিমগুলি ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর একটি প্যানে সামান্য মাখন গরম করে সেদ্ধ ডিমগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। এবার ওই একই প্যানে আরও কিছুটা মাখন ও তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মশলা কষানোর সময় এর মধ্যে পরিমাণমতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিন। মশলাটি নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিন। এরপর সম্পূর্ণ মিশ্রণটি মিক্সিতে দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিন।

এর পর ফের প্যানে এক চামচ মাখন ও ঘি গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বের হলে তৈরি করা মশলার পেস্টটি প্যানে ঢেলে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য গরম জল মিশিয়ে গ্রেভি ফুটিয়ে নিন। ঝোল ভালোভাবে ফুটে উঠলে ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। মশলার গায়ে তেল ভেসে উঠলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলি গ্রেভির মধ্যে ছেড়ে দিন। এবার প্যানটি ঢাকা দিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে রান্না করুন। সবশেষে উপর থেকে ফ্রেশ ক্রিম ও কুচোনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মাখোমাখো ‘ডিম মাখানি’। গরম ভাত কিংবা রুটির সঙ্গে এই পদ পরিবেশন করলে পরিবারের সবাই চেটেপুটে খেতে বাধ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *