২২ গজে ফেরার সমস্ত আশায় জল! ধর্ষণের অভিযোগে ধৃত আইপিএল তারকার জামিনের আবেদন নিয়ে বড় ধাক্কা আদালতে

আইনি জালে আরও বেশি করে জড়িয়ে পড়লেন বাংলার প্রতিভাবান ক্রিকেটার তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যৌন হেনস্থা এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করার হুমকির অভিযোগে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে হুগলি জেলে বন্দি রয়েছেন তিনি। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আদালতের তরফে কোনো স্বস্তি পেলেন না এই তরুণ ক্রিকেটার। নির্দিষ্ট দিন অর্থাৎ আগামী ১৪ সেপ্টেম্বরই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।
চলতি বছরের জুন মাসে হুগলির মগরা থানায় এক ডাক্তারি পড়ুয়া তরুণী অভিষেকের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের করেন। এরপর এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলা করেন অভিষেক। গত জুলাই মাসে আদালত পুলিশকে ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে তদন্ত এগিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশমতোই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে ক্রিকেটের নতুন মরশুম শুরু হয়ে যাওয়ায় এবং বাংলার প্রাথমিক দল ঘোষিত হওয়ায়, দ্রুত জামিন বা মামলার নিষ্পত্তি ঘটিয়ে দলে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন অভিষেক।
এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে অভিষেকের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে সওয়াল করেন যে, ক্রিকেটারের ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত ও চার্জশিট দাখিলের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্রুত শুনানি না হলে তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, রাজ্যের পক্ষ থেকেও তদন্তের অগ্রগতির কথা জানানো হয়। তবে সমস্ত দিক বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিযোগের গুরুতর প্রকৃতি উল্লেখ করে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করতে সরাসরি অস্বীকার করেন। একই সঙ্গে, জামিনের জন্য হাইকোর্টের নির্ধারিত নির্দিষ্ট বেঞ্চে আবেদন করার পরামর্শও দিয়েছেন বিচারক।