প্যাকেটজাত খাবারে সব লেখা থাকলেও জ্বালানিতে কেন নয়? ইথানল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের বড় ধাক্কা!

গাড়ির জ্বালানিতে ইথানলের সঠিক পরিমাণ বা কত শতাংশ ইথানল মেশানো রয়েছে তা প্রতিটি পেট্রল পাম্পে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। তবে সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চ মামলাকারীকে সরাসরি সুপ্রিম কোর্টে আসার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করে এবং তাঁকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়।
আবেদনকারী আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামী তাঁর দাবিতে জানান, গ্রাহক হিসেবে প্রতিদিন মানুষ যে জ্বালানি কিনছেন, তাতে ঠিক কত শতাংশ ইথানল রয়েছে তা জানার পূর্ণ অধিকার তাঁদের রয়েছে। বর্তমান বাজারে পেট্রল কিনলেও সর্বত্র স্পষ্টভাবে E20 বা নির্দিষ্ট অনুপাতের উল্লেখ থাকে না। তাঁর যুক্তি ছিল, যেকোনো প্যাকেটজাত পণ্যের গায়ে সমস্ত উপাদানের বিবরণ স্পষ্টভাবে লেখা থাকে, তবে জ্বালানির ক্ষেত্রেও কেন সেই নিয়ম প্রযোজ্য হবে না? তিনি স্পষ্ট করেন যে, তিনি সরকারের ইথানল মিশ্রিত নীতির কোনো বিরোধিতা করছেন না, তাঁর মূল দাবি ছিল গ্রাহকের কাছে সঠিক তথ্য প্রকাশ করা।
কেন্দ্রের পক্ষে উপস্থিত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আর ভেঙ্কটরামানি এই মামলার তীব্র বিরোধিতা করে আদালতকে জানান, এর আগেও ইথানল মিশ্রিত পেট্রল নীতির বিরুদ্ধে করা একাধিক মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। উভয় পক্ষের সওয়াল শোনার পর সুপ্রিম কোর্ট এই মামলাটি সরাসরি গ্রহণ না করে আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে।