জাতীয় মঞ্চ কাঁপিয়ে সোনা জয়! ভিন রাজ্যে গিয়ে বাংলা ও দেশকে গর্বিত করল এই তরুণ যোদ্ধারা

জাতীয় স্তরে অসাধারণ সাফল্য অর্জন করে গোটা দেশের নজর কেড়ে নিল বাংলা। মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত জাতীয় মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলার মুখ উজ্জ্বল করেছে মধ্যমগ্রামের ‘অ্যাকাডেমি অফ মার্শাল আর্ট অ্যান্ড সেলফ ডিফেন্স’-এর তরুণ অ্যাথলিটরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৫ থেকে ১৬টি শক্তিশালী দলের প্রতিযোগীদের পিছনে ফেলে রাজ্যের হয়ে অংশগ্রহণকারী ১১ জন প্রতিযোগী মোট ১০টি সোনা এবং ১টি রুপোর পদক জিতে নিয়েছেন।
নাগপুরে বাজিমাত মধ্যমগ্রামের ‘RAW’ দলের: জাতীয় স্তরের এই কঠিন প্রতিযোগিতায় মধ্যমগ্রামের একাডেমির ‘রেনডম অ্যাকশন ওয়ারিয়র’ (RAW) দলের ১১ জন খেলোয়াড় নিজেদের অসামান্য দক্ষতার পরিচয় দেন। নাগপুর, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও রায়পুরের মতো শক্তিশালী দলের অভিজ্ঞ প্রতিযোগীদের বিরুদ্ধে লড়াই করে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নেন তাঁরা। সবকটি বিভাগে অংশ নিয়ে একাডেমির ১১ জন জেতা প্রতিযোগীর পদক নিয়ে রাজ্যে ফেরার এই ঘটনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রীড়ামহল।
আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার প্রস্তুতি: শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে অত্যন্ত গর্বিত প্রতিষ্ঠানের প্রধান কোচ অনিমেষ বিশ্বাস। তবে তিনি কেবল জাতীয় মঞ্চেই থেমে থাকতে নারাজ। কোচের প্রধান লক্ষ্য এখন আন্তর্জাতিক মঞ্চে দেশের ও বাংলার নাম উজ্জ্বল করা। সেই উদ্দেশ্যে খুব শীঘ্রই রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই উদীয়মান যোদ্ধারা। জেলার ক্রীড়াপ্রেমীদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক সহায়তা পেলে এই তরুণেরা বিশ্বমঞ্চ থেকেও দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনবেন।