“তিনি ছিলেন বহুমুখী প্রতিভার প্রতীক!” জন্মশতবার্ষিকীর ঠিক আগে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর

বাংলার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে তাঁকে গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর মঞ্চ থেকে মহানায়কের বহুমুখী প্রতিভা, উজ্জ্বল ব্যক্তিত্ব এবং ভারতীয় তথা বাংলা সিনেমার প্রতি তাঁর অসামান্য অবদানের কথা সবিস্তারে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, আগামী ৩ সেপ্টেম্বর আমরা মহান অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন করতে চলেছি। তিনি এমন একজন বহুমুখী অভিনেতা ছিলেন, যিনি নিজের অনন্য অভিনয় শৈলী দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছিলেন। উত্তম কুমারের জনপ্রিয় শুধু তাঁর সিনেমার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন আপাদমস্তক এক স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

উত্তম কুমার ও সত্যজিৎ রায়ের আইকনিক মেলবন্ধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, চলচ্চিত্রপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় মহান অভিনেতা উত্তম কুমারকে সম্পূর্ণভাবে মাথায় রেখেই তাঁর সাড়া জাগানো ‘নায়ক – দ্য হিরো’ ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন। সত্যজিৎ রায় নিজে বলেছিলেন যে, উত্তমের মধ্যে যেমন জন্মগত মার্জিত মর্যাদা ছিল, তেমনই ছিল অসাধারণ এক আবেগঘন গভীরতা। পর্দায় প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলতে তিনি যে কঠোর পরিশ্রম করতেন, তা আজও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *