মাঝরাস্তায় হঠাতই বন্ধ হয়ে গেল গাড়ি? মেকানিক ছাড়াই নিজেই এভাবে স্টার্ট করুন মৃতপ্রায় ব্যাটারি!

পরিবার নিয়ে কোথাও ঘুরতে বেরিয়ে মাঝরাস্তায় যদি হঠাত্‍ আপনার গাড়িটি স্টার্ট নেওয়া বন্ধ করে দেয়, তবে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে। দূরদূরান্তে মেকানিক না পেয়ে চরম বিপাকে পড়তে হয় চালকদের। তবে চিন্তা নেই, সমস্যা যদি কেবল গাড়ির ব্যাটারি ডাউন হওয়ার কারণে হয়, তবে সামান্য বুদ্ধি খাটিয়ে অন্য একটি সচল গাড়ি এবং ‘জাম্প কেবলের’ সাহায্যে নিজের গাড়িটি নিজেই স্টার্ট করে নেওয়া সম্ভব।

কীভাবে বুঝবেন ব্যাটারি দুর্বল হচ্ছে? গাড়ি স্টার্ট করার সময় যদি ‘ক্লিক-ক্লিক’ শব্দ হয়, হেডলাইটের আলো ঝাপসা হয়ে যায় কিংবা পাওয়ার উইন্ডো খুব ধীরে কাজ করে, তবে বুঝতে হবে ব্যাটারির আয়ু ফুরিয়ে আসছে বা তা দুর্বল হয়ে গেছে। এমন লক্ষণ দেখা দিলে সময় থাকতেই সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ।

জাম্প স্টার্ট করার সহজ নিয়ম ও সতর্কতা:

  • গাড়ি দুটি সাজিয়ে নিন: প্রথমে একটি ভালো ব্যাটারিযুক্ত গাড়ি আপনার গাড়ির কাছাকাছি এমনভাবে দাঁড় করান যাতে দুটি গাড়ি একে অপরের সংস্পর্শে না আসে। উভয়েরই ইঞ্জিন বন্ধ রাখুন এবং হ্যান্ডব্র্যাক টেনে দিন।

  • জাম্প কেবল সংযুক্ত করার সঠিক পদ্ধতি: কেবলের লাল ক্লিপটি প্রথমে বন্ধ গাড়ির ব্যাটারির পজিটিভ (+) টার্মিনালে এবং অন্য প্রান্তটি সচল গাড়ির পজিটিভ টার্মিনালে লাগান। এরপর কালো ক্লিপটি সচল গাড়ির নেগেটিভ (-) টার্মিনালে এবং শেষ প্রান্তটি বন্ধ গাড়ির ইঞ্জিন ব্লকের কোনো পরিষ্কার ধাতব অংশে (ব্যাটারি থেকে দূরে) সংযুক্ত করুন। খেয়াল রাখবেন লাল ও কালো ক্লিপ যেন পরস্পরের সংস্পর্শে না আসে।

  • স্টার্ট করার প্রক্রিয়া: প্রথমে সচল গাড়িটি স্টার্ট করে কয়েক মিনিট রেখে দিন, যাতে বন্ধ গাড়ির ব্যাটারিতে কিছুটা চার্জ পৌঁছায়। এরপর নিজের গাড়িটি স্টার্ট করার চেষ্টা করুন। গাড়ি চালু হয়ে গেলে কেবলের সংযোগগুলো সাবধানে খুলে নিন। এরপরেও গাড়ি স্টার্ট না নিলে জোর না করে মেকানিক বা রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সাহায্য নেওয়াই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *