ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের কোন ৩ জেলায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা?

বর্ষার শেষ পর্বে ফের সক্রিয় হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপটি আরও সুস্পষ্ট হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।
কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা? ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা মঙ্গলবার পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
কলকাতার আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা: নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবে তিলোত্তমা কলকাতাতেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রবিবারে শহরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবারের পর আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
মৎস্যজীবীদের জন্য কড়া নিষেধাজ্ঞা: নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, যা অনেক সময় দমকা হাওয়ায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে বুধবারেও বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। কোচবিহারে জারি হয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।