প্যাকেটজাত খাবারে এবার বড় লাল বিপদের সংকেত! কেনার আগে এই বিশেষ চিহ্ন দেখছেন তো?

প্যাকেটজাত খাবার এবং পানীয় কেনার অভ্যাসে এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। খাবারে যদি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি চিনি, নুন কিংবা ফ্যাট থাকে, তবে তা প্যাকেটের গায়েই স্পষ্ট লাল রঙে চিহ্নিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক হলফনামায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI) এই নতুন লেবেলিং ব্যবস্থার প্রস্তাব পেশ করেছে।
প্যাকেটের সামনে থাকবে লাল ‘স্টপ সাইন’:
নতুন প্রস্তাব অনুযায়ী, কোনও প্যাকেটজাত খাবারে চিনি, নুন বা ফ্যাটের পরিমাণ নির্ধারিত সীমার বেশি হলে প্যাকেটের ঠিক সামনের অংশে লাল রঙের ষড়ভুজাকৃতি সতর্কীকরণ চিহ্ন দেওয়া হতে পারে, যা দেখতে অনেকটা ‘স্টপ সাইন’-এর মতো। এর ফলে ক্রেতারা কোনো পণ্য কেনার আগেই এক নজরে বুঝতে পারবেন তাতে অতিরিক্ত চিনি, নুন বা ফ্যাট রয়েছে কি না। পাশাপাশি স্পষ্টভাবে লেখা থাকবে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ বা ‘হাই ফ্যাট’-এর মতো সতর্কবার্তাও।
দুই ধাপে চালুর পরিকল্পনা:
FSSAI জানিয়েছে, এই নতুন নিয়ম দুটি পর্যায়ে কার্যকর করা হতে পারে। প্রথম পর্যায়ে খাবারে এই তিনটির মধ্যে অন্তত দুটির পরিমাণ বেশি থাকলে লাল লেবেল বাধ্যতামূলক করা হবে। দ্বিতীয় পর্যায়ে নিয়ম আরও কড়া করে যে কোনো একটির পরিমাণ সীমা অতিক্রম করলেই এই লাল সতর্কীকরণ চিহ্ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। শিশুদের মধ্যে বাড়তে থাকা স্থূলতা ও সুপ্রিম কোর্টের উদ্বেগের পরেই এই নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। তবে ঘি, তেল, নুন, চিনি বা মধুর মতো একক উপাদানযুক্ত কিছু পণ্যের ক্ষেত্রে এই নিয়ম থেকে ছাড় মিলতে পারে।