মাসে ২৯ হাজার টাকা খরচ করলেই মিলবে জিম, পুল আর লাক্সারি ফ্ল্যাট! ভিডিও দেখেই তুলকালাম নেটদুনিয়ায়

বর্তমান সময়ে দেশের বড় শহরগুলিতে একটি ভালো ঘর বা ফ্ল্যাট ভাড়ায় পাওয়া মুখের কথা নয়। ফ্ল্যাটের সাইজ, সেটি সম্পূর্ণ নাকি সেমি-ফার্নিশড, এবং হাউজিং সোসাইটিতে কী কী আধুনিক সুযোগ-সুবিধা মিলছে—সবকিছু দেখেই তবেই মানুষ ভাড়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক তরুণীর শেয়ার করা একটি ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। যেখানে তিনি দাবি করেছেন, প্রতি মাসে ২৯,০০০ টাকা ভাড়া দিয়ে নয়ডার একটি চমৎকার সেমি-ফার্নিশড ফ্ল্যাটে থাকছেন তিনি। আর এই ভাড়ার অঙ্ক সামনে আসতেই শুরু হয়েছে বিরাট বিতর্ক।
২৯ হাজার টাকার প্যাকেজে কী কী মিলছে?
ইনস্টাগ্রামে ‘তনু ভরদ্বাজ’ নামের এক কনটেন্ট ক্রিয়েটর তাঁর ফ্ল্যাট এবং হাউজিং সোসাইটির অন্দরের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে, ২৯,০০০ টাকার মাসিক ভাড়ার বিনিময়ে তিনি কী ধরনের লাইফস্টাইল উপভোগ করছেন। ফ্ল্যাটটি পুরোপুরি না হলেও, সেমি-ফার্নিশড অবস্থায় রয়েছে। যার মধ্যে মডিউলার কিচেন, চিমনি, আরও (RO) ওয়াটার পিউরিফায়ার, গিজার, সিলিং ফ্যান এবং এগজস্ট ফ্যানের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই ইনস্টল করা রয়েছে।
শুধু ঘরই নয়, ফ্ল্যাটের পাশাপাশি বিশাল ওই সোসাইটিতে বাসিন্দাদের জন্য রয়েছে পার্কিং স্পেস, সবুজ পার্ক, সুসজ্জিত জিম, সুইমিং পুল, ইয়োগা হল এবং পার্টি হলের মতো প্রিমিয়াম সব সুযোগ-সুবিধা। এই পুরো প্যাকেজটি দেখিয়েই ওই যুবতী প্রশ্ন তুলেছেন যে, নয়ডার মতো শহরে ২৯ হাজার টাকায় এই ধরনের জীবনযাপন কি আদৌ একটি ‘লাভজনক ডিল’, নাকি এই ভাড়ার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি?
নেটনাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া:
ভিডিওটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন নেটিজেনরা। একদল ইউজারের মতে, বর্তমান যুগে যেভাবে হু হু করে বাড়িভাড়া বাড়ছে, তাতে এই সুবিধার জন্য ২৯ হাজার টাকা খুব একটা বেশি নয়। তবে অপর দলটির মতে, সেমি-ফার্নিশড একটি ফ্ল্যাটের জন্য এই পরিমাণ ভাড়া অনেকটাই বেশি। সবমিলিয়ে, নয়ডার এই ফ্ল্যাটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হট টপিক।