হঠাৎ বাঁকুড়ার রেশন দোকানে খাদ্যমন্ত্রী! গ্রাহকদের সঙ্গে কথা বলে নিলেন বড় পদক্ষেপ

গণবন্টন ব্যবস্থার হালহকিকত সরাসরি খতিয়ে দেখতে এবার বাঁকুড়া জেলায় একের পর এক রেশন দোকানে আকস্মিক হানা (Surprise Visit) দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক পরিষেবা পৌঁছাচ্ছে কি না এবং রেশন সামগ্রীর মান ঠিক রয়েছে কি না, তা সরেজমিন দেখতেই এই বিশেষ পরিদর্শন।
শনিবার সকালে বাঁকুড়া সার্কিট হাউস থেকে বেরিয়ে সরাসরি মাঠে নেমে পড়েন খাদ্যমন্ত্রী। প্রথমে তিনি বাঁকুড়া এক নম্বর ব্লক এবং পরবর্তীতে বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকার একাধিক রেশন দোকানে আচমকা ঢুকে পড়েন। দোকানে মজুত থাকা চাল, গম ও অন্যান্য খাদ্যসামগ্রীর পরিমাণ এবং গুণমান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন তিনি। শুধু দোকান পরিদর্শন করেই ক্ষান্ত থাকেননি মন্ত্রী, তিনি সরাসরি গ্রামের সাধারণ মানুষ ও রেশন গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন।
খাদ্যমন্ত্রীর এই ঝটিকা অভিযানের জেরে স্থানীয় ডিলার ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরকারের শীর্ষস্তর থেকে এই ধরনের কড়া নজরদারির ফলে রেশন ব্যবস্থার স্বচ্ছতা আরও সুনিশ্চিত হবে বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।