দাদাগিরির মঞ্চে ধুন্ধুমার কাণ্ড! কুণাল-সজলের কথার লড়াই আর কালারফুল মদনের ম্যাজিকে জমে উঠবে রবিবার

রাজনীতির উত্তপ্ত মঞ্চ ছেড়ে এবার সটান ছোটপর্দার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে হাজির হচ্ছেন বাংলার তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা। আগামী রবিবার (৩০ আগস্ট) রাতের বিশেষ পর্বে দাদাগিরির মঞ্চ কাঁপাতে দেখা যাবে মদন মিত্র, কুণাল ঘোষ, সজল ঘোষ, কৌস্তভ বাগচী ও নওশাদ সিদ্দিকীর মতো হেভিওয়েট নেতাদের। সঞ্চালক দেবের উপস্থিতিতে এই রাজনৈতিক তারকাদের হাড্ডাহাড্ডি লড়াই ও মজার রসায়ন যে দর্শককে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না, তা বলাই বাহুল্য।

মঞ্চে কীসের ইঙ্গিত?

চ্যানেল সূত্রে খবর, এই বিশেষ পর্বে কুণাল ঘোষ ও সজল ঘোষের মধ্যে ধারালো কথার লড়াইয়ে পারদ চড়বে। অন্যদিকে, ‘কালারফুল’ মদন মিত্র আরও বেশি রঙে রঙিন হয়ে ধরা দেবেন, আর গানে গানে আসর জমিয়ে দেবেন কৌস্তভ বাগচী। সব মিলিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাসিখুশি ও বিতর্কে ভরপুর এক জমজমাট বিনোদন উপহার পেতে চলেছেন দর্শকরা।

সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘এআই মশাই’-এর এন্ট্রি। রাজনীতির এই বাঘা বাঘা ব্যক্তিত্বদের হাতের নাগালে পেয়ে এআই মশাইয়ের মজার ও কড়া টিপ্পনিতে জেরবার হতে হবে তাঁদের। সব মিলিয়ে রাজনৈতিক ময়দানের বাইরে এই হেভিওয়েট নেতাদের অন্য রূপ দেখতে আগামী রবিবার রাত সাড়ে ৯টায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *