‘আমার সংসার ভেঙেছ!’ স্বামীর পরকীয়া ভাঙাতে প্রেমিকার ঘাড়েই ৫০ লাখ টাকার বিল ধরালেন স্ত্রী

স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে তাঁর প্রেমিকার বিরুদ্ধে সোজা ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে দিল্লির আদালতে মামলা করলেন এক স্ত্রী। তাঁর আজব যুক্তি, ওই মহিলা তাঁদের স্বামী-স্ত্রীর পারস্পরিক ‘ভালোবাসা চুরি’ করে নিয়েছেন। তবে শেষ পর্যন্ত এই মামলা খারিজ করে দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০১ সালে বিয়ে হওয়া এই দম্পতির মধ্যে ২০১২ সাল থেকে বিবাহবিচ্ছেদের মামলা ঝুলে রয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০০৯ সালে আমেরিকা সফরে গিয়ে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্বামী। ২০১৩ সালে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ২০১৫ সালে ওই মহিলাকে বিয়েও করেন তিনি এবং ২০১৬ সালে তাঁদের একটি কন্যাসন্তান হয়। শুরুতে ১ কোটি টাকা দাবি করলেও পরে তা কমিয়ে ৫০ লক্ষে নামিয়ে আনেন স্ত্রী। দাম্পত্যে ফাটল ধরা এবং ভালোবাসা চুরির মতো কারণ দেখিয়ে তৃতীয় পক্ষের কাছে এই টাকা দাবি করেন তিনি।
যদিও দিল্লির জেলা আদালতের বিচারক অতুল আলাওয়াত অভিযোগকারিণীর এই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন, স্বামী যে অন্য সম্পর্কে জড়িয়েছেন কেবল তা প্রমাণ করলেই হবে না, এর পেছনে তৃতীয় পক্ষের কোনো প্ররোচনা ছিল বা তাঁরাই যে সম্পর্কে ভাঙন ধরিয়েছেন, তার সপক্ষে কোনো জোরালো প্রমাণ দিতে পারেননি অভিযোগকারিণী। মামলার শুনানিতে উঠে আসে যে, বছরভর এই দম্পতির মধ্যে সম্পর্ক ভালো ছিল না এবং স্বামীর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার অভাবও ছিল। আদালত জানায়, বৈবাহিক সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার মূল দায় সম্পূর্ণভাবে স্বামীর নিজেরই, পরবর্তীতে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়ান না কেন, সেই তৃতীয় পক্ষ এর জন্য আইনত কোনোভাবেই দায়বদ্ধ নন।