কাজের চাপ নাকি নিঃশব্দে গ্রাস করছে রোগ? WHO-এর এই ৮টি লক্ষণ দেখলে সাবধান হন!

আধুনিক জীবনের ব্যস্ততায় মানসিক চাপ বা স্ট্রেসকে আমরা অনেকেই খুব সাধারণ একটা বিষয় বলে এড়িয়ে যাই। কাজের ডেডলাইন, আর্থিক চিন্তা কিংবা ব্যস্ত রুটিনের জেরে ক্লান্তি আসাটা যেন জলভাত। কিন্তু এই চাপ যখন মাত্রাতিরিক্ত বা দীর্ঘস্থায়ী হয়, তখন তা শরীর ও মনের মারাত্মক ক্ষতি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, কঠিন পরিস্থিতির মুখে পড়া স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও অতিরিক্ত চাপ ডেকে আনতে পারে বড় বিপদ।

রোজকার সাধারণ ক্লান্তি আর অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ফারাক বোঝা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এমন আটটি লক্ষণ চিহ্নিত করা হয়েছে, যা অতিরিক্ত চাপের স্পষ্ট ইঙ্গিত দেয়। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি:

অতিরিক্ত ক্লান্তি ও শক্তির অভাব: সারাক্ষণ দুর্বল লাগা বা শক্তি না পাওয়ার অনুভূতি চাপের কারণে হতে পারে। সাধারণ ব্যস্ততা ভেবে এড়িয়ে না গিয়ে এই চরম ক্লান্তি ও দুর্বলতার পেছনে নজর দেওয়া প্রয়োজন।

ঘুমের ব্যাঘাত: শোওয়ার পর সহজে মন শান্ত না হওয়া, অনিদ্রা কিংবা রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাবে পরের দিনে চাপ সামলানো আরও কঠিন হয়ে ওঠে।

খাবার খাওয়ার অভ্যাসে পরিবর্তন: অতিরিক্ত চাপে অনেকেরই খিদে কমে যায়, আবার কেউ কেউ প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলেন। এই দুই বিপরীত পরিস্থিতিই স্ট্রেসের লক্ষণ।

বিরক্তি, রাগ বা উদ্বেগ: সবসময় একটা অদৃশ্য উদ্বেগ, উত্তেজনা বা অধৈর্য কাজ করতে পারে। এমনকি ছোটখাটো বিষয়ে অতিরিক্ত রাগ বা অস্থিরতাও এর অন্যতম প্রকাশ।

মনযোগের অভাব: কোনও একটি কাজে ঠিকভাবে মন দিতে না পারা, সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া কিংবা ভুলে যাওয়ার মতো মানসিক লক্ষণ দেখা দিতে পারে।

মাথা ও শরীরের বিভিন্ন ব্যথা: মানসিক চাপ শুধু মনে নয়, শরীরেও প্রভাব ফেলে। পেশির টান, মাথাব্যথা, দুর্বলতা কিংবা হজমের গোলমালের মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

অসহায় বোধ করা: কঠিন সময়ে নিজেকে অত্যন্ত একা, হতাশ বা ভয় পাওয়া খুবই স্বাভাবিক। বিশেষ করে চারপাশের পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, তখন এই মানসিক অবসাদ জাঁকিয়ে বসে।

পরিজনদের থেকে দূরত্ব তৈরি: স্ট্রেস মানুষের আচরণও বদলে দেয়। বন্ধু বা পরিবারের থেকে দূরে থাকা, পছন্দের কাজগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা কিংবা দৈনন্দিন দায়িত্ব পালন করতে না পারার মতো লক্ষণ দেখা দিতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি?

মাঝেমধ্যে দুশ্চিন্তা হওয়া বা চাপের মুখে পড়া অস্বাভাবিক নয়। এমনকি সামান্য চাপ অনেক সময় প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়তেও সাহায্য করে। কিন্তু লক্ষণগুলো যদি দীর্ঘস্থায়ী হয় এবং পড়াশোনা, কাজ, বা ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তবে তা চিন্তার বিষয়। দীর্ঘমেয়াদি চাপ কেবল শারীরিক অসুস্থতা বাড়ায় না, বরং উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক রোগের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দেয়।

নিয়মিত রুটিন মেনে চলা, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য খাওয়া এবং নিজের কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায়, তবে দেরি না করে অবশ্যই পেশাদার চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *