রুই-কাতলা খেয়ে মুখে অরুচি? গরম ভাতে এইভাবে বোয়াল মাছের তেল ঝাল বানালে এক থালা ভাত নিমেষে উধাও হবে!

বাঙালি মাত্রই মাছের প্রতি এক আলাদা দুর্বলতা রয়েছে। তবে প্রতিদিন একঘেয়ে রুই-কাতলা খেতে খেতে অনেক সময়ই মুখে অরুচি ধরে যায়। এই একঘেয়েমি কাটাতে এবং পাতে নতুন স্বাদ আনতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ‘বোয়াল মাছের তেল ঝাল’। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এটি অত্যন্ত সহজে তৈরি করা সম্ভব। রইল এর সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

বোয়াল মাছ: ৪ টুকরো

আদা বাটা: ১ চা চামচ

পেঁয়াজ: ২টি

কাঁচালঙ্কা বাটা: ৩-৪টি

জিরে বাটা: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ

কালো জিরে: ১ চা চামচ

টম্যাটো: ১টি

নুন, চিনি ও সর্ষের তেল: পরিমাণমতো

ধনেপাতা কুচি

তৈরির সহজ পদ্ধতি:
প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর তাতে পরিমাণমতো নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিন।

এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে ম্যারিনেট করা মাছের টুকরোগুলি ভাজতে দিন। মিনিট তিনেক পর উল্টে দিয়ে মাছগুলি হালকা ভেজে তুলে নিন। মাছ ভাজার ওই তেলেই ফোড়ন হিসেবে দিন কালো জিরে এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজার সময় সামান্য চিনি দিলে সুন্দর রং ধরবে।

পেঁয়াজে সোনালি রং ধরলে একে একে আদা বাটা, জিরে বাটা, কাঁচালঙ্কা বাটা এবং কুচানো টম্যাটো দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে থাকুন। মশলা কষা হলে পরিমাণমতো উষ্ণ জল দিয়ে ঝোল ফুটিয়ে নিন। ঝোল ভালোভাবে ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলি তার মধ্যে ছেড়ে দিন। রান্না নামানোর আগে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা বোয়াল মাছের তেল ঝাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *