পেঁয়াজের দাম আকাশছোঁয়া, চিন্তা কী! ঘরের এই ৪ জাদুকরি উপকরণেই গ্রেভি হবে রেস্তোরাঁর মতো ঘন

রান্নাঘরে পেঁয়াজের ব্যবহার এতটাই ব্যাপক যে, পেঁয়াজ ছাড়া কোনও সুস্বাদু পদের কথা ভাবাই কঠিন। বিশেষ করে যখন কোনও রান্নায় মশলাদার ও ঘন গ্রেভির প্রয়োজন হয়, তখন পেঁয়াজকেই প্রধান ভরসা বলে মনে করা হয়। তবে গ্রেভিকে সমৃদ্ধ করে তোলার উপায় কেবল পেঁয়াজ একাই নয়। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণের সঠিক ব্যবহার জানলে পেঁয়াজ ছাড়াই তৈরি করা সম্ভব রেস্তোরাঁ স্টাইলের দারুণ ঘন গ্রেভি।
সবচেয়ে ভালো ব্যাপার হলো, এর জন্য বাজার থেকে বাড়তি কোনো খরচ করার প্রয়োজন নেই। পেঁয়াজের বাজারদর যখন চড়া, তখন ঘরোয়া এই বিকল্পগুলি আপনার রান্নাকে সহজ করে তুলতে পারে। জেনে নিন পেঁয়াজ-বিহীন গ্রেভি তৈরির কার্যকরী কিছু উপায়:
টমেটো ও কাজু বাদামের ক্রিমি গ্রেভি: ঘন ও সমৃদ্ধ গ্রেভি পছন্দ করলে টমেটোর সঙ্গে কাজু বাদাম ব্যবহার করুন। প্রথমে হালকা রান্না করা টমেটোর পিউরি তৈরি করে নিন। অন্যদিকে, ভিজিয়ে রাখা কাজু বাদামের পেস্ট বানিয়ে মশলা কষানোর পর তা মিশিয়ে নিন। কাজু বাদাম গ্রেভিকে ঘন করার পাশাপাশি দুর্দান্ত ক্রিমি টেক্সচার ও স্বাদ আনে।
টক দইয়ের জাদুকরি ব্যবহার: পেঁয়াজ ছাড়া গ্রেভি তৈরির ক্ষেত্রে দই একটি দারুণ বিকল্প। ব্যবহারের আগে দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে মশলা কষার পর কম আঁচে ধীরে ধীরে মেশাতে হবে। দলা পাকিয়ে যাওয়া এড়াতে অনবরত নাড়তে থাকুন। এর ফলে গ্রেভিতে এক চমৎকার সমৃদ্ধ ভাব ও হালকা টক স্বাদ আসে।
বেসনের সাহায্য: বাড়িতে কাজু বা ক্রিম না থাকলে বেসন অত্যন্ত কার্যকর। এক চামচ বেসন শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে সামান্য জলে গুলে নিন। সরাসরি গরম গ্রেভিতে বেসন দেবেন না, কারণ তাতে দলা পাকিয়ে যেতে পারে। এই মিশ্রণটি যোগ করলে গ্রেভি প্রাকৃতিকভাবেই ঘন হয়ে ওঠে।
বীজের পেস্টের কায়দা: হাতের কাছে কুমড়োর বীজ বা সূর্যমুখীর বীজ থাকলে তা কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিহি পেস্ট বানিয়ে নিন। কাজু বাদামের বিকল্প হিসেবে গ্রেভিতে এই পেস্ট ব্যবহার করলে দারুণ ঘন ভাব আসে।
পেঁয়াজ ছাড়া সুস্বাদু গ্রেভি তৈরির মূল চাবিকাঠি হলো ধৈর্য। রান্নায় তাড়াহুড়ো না করে টমেটো ও মশলা ভালোভাবে কষতে দিন। অতিরিক্ত জল শুকিয়ে যখন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করবে, তখনই গ্রেভির স্বাদ ও গঠন সবচেয়ে নিখুঁত হবে।