১৫ বছরের খরা কেটে রাজ্যে কি ফিরছে ছাত্র সংসদ নির্বাচন? মুখ্যমন্ত্রী শুভেন্দুর মেগা ঘোষণা

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে অবশেষে এল বড় আপডেট। দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচনের তালা যে শীঘ্রই খুলতে চলেছে, তা শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার যাদবপুরে একটি অনুষ্ঠান শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন বিরোধী দল-সহ বিভিন্ন ছাত্রমহল বারবার এই ভোটের দাবিতে সরব হয়েছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার অভিযোগ তুলে আসছিল বিরোধী শিবির। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী সুরে জানান, সমস্ত কলেজেই এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জয়ী হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া পতাকাই উড়বে। প্রসঙ্গত, এবিভিপি হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের ছাত্র শাখা।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি আরও জোরালো হয়ে ওঠে। সম্প্রতি এই বিষয়ে সরকারকে তীব্র আক্রমণ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবিলম্বে ভোট করানোর দাবি তোলেন। সরকার এই বিষয়ে অবস্থান স্পষ্ট করুক এমন দাবি তোলার পরেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।