ঘরে মাকড়সার জাল জমছে? অজান্তেই ডেকে আনছেন চরম বিপদ, বাস্তু মতে ঘোর অমঙ্গল!

বাড়ির আনাচে-কানাচে বা ঘরের কোণে মাকড়সার জাল তৈরি হওয়া অত্যন্ত সাধারণ বিষয়। বিশেষ করে দীর্ঘদিন পরিষ্কার না করা ঘরের কোণ, আলমারির পিছন কিংবা ছাদের উঁচু জায়গায় সহজেই জাল জমে যায়। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে দীর্ঘদিন মাকড়সার জাল জমে থাকা শুধুমাত্র অপরিচ্ছন্নতার লক্ষণ নয়, এর সঙ্গে বাড়ির ইতিবাচক শক্তির প্রবাহও গভীরভাবে জড়িয়ে রয়েছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরের কোনো নির্দিষ্ট অংশে দীর্ঘদিন ধুলোবালি ও মাকড়সার জাল জমলে সেই জায়গার পরিবেশ ভারী ও নেতিবাচক হয়ে ওঠে। তাই নিয়মিত ঘর পরিষ্কার করার সময় শুধু মেঝে বা আসবাবপত্র পরিষ্কার করলেই চলে না, বরং ছাদ ও দেওয়ালের কোণগুলির প্রতিও বিশেষ নজর দেওয়া জরুরি। বিশেষ করে ছাদের চারটি কোণে মাকড়সার জাল জমেছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়।
প্রধান প্রবেশদ্বারে জাল নয়
বাড়ির প্রধান দরজাকে বাস্তুতে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গণ্য করা হয়। এই প্রবেশদ্বারে ময়লা, ধুলো বা মাকড়সার জাল জমে থাকা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। মূল দরজার কোণে বারবার জাল তৈরি হলে দ্রুত তা পরিষ্কার করে জায়গাটি ঝকঝকে ও পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়।
পুজোর ঘরে বাড়তি সতর্কতা
বাড়ির পুজোর জায়গাকে সবসময় সবচেয়ে পবিত্র স্থান হিসেবে ধরা হয়। ফলে সেখানে মাকড়সার জাল জমে থাকা বাস্তু মতে ঘোর অমঙ্গলজনক। তাই প্রতিদিন মন্দিরের পাশাপাশি মন্দিরের দেওয়াল, ছাদ এবং পিছনের অংশও নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি।
উত্তর-পূর্ব কোণে বিশেষ নজর
বাস্তুশাস্ত্রে উত্তর-পূর্ব বা ঈশান কোণের বিশেষ গুরুত্ব রয়েছে। এই অংশটি সবসময় পরিষ্কার, খোলামেলা ও গোছানো রাখার পরামর্শ দেওয়া হয়। এই কোণে বারবার মাকড়সার জাল তৈরি হলে তা অবিলম্বে পরিষ্কার করার পাশাপাশি সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা উচিত।
স্টোররুম ও বন্ধ ঘর
দীর্ঘদিন ব্যবহার করা হয় না এমন ঘর, পুরনো বাক্স, বন্ধ তাক বা আলমারির পিছনে খুব সহজেই মাকড়সার জাল জমে। বাস্তু মতে, দীর্ঘদিন ধরে কোনো অব্যবহৃত জিনিসপত্র জমিয়ে রাখলে ঘরে নেতিবাচক শক্তির পরিবেশ তৈরি হয়। তাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি থেকে বিদায় করা একান্ত প্রয়োজন।