“যতক্ষণ না ফ্যাশন কমিটি বসছে…” রাখী পূর্ণিমায় বোনকে নিয়ে কোন ব্যঙ্গাত্মক বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী?

বিজ্ঞাপনের পোশাক নিয়ে নেটপাড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর এবার রাখী পূর্ণিমার দিন বেশ ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে তাঁর পরা পোশাক নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় এবং তা নিয়ে তাঁকে চরম ট্রোলের শিকার হতে হয়। যদিও সেই বিতর্ক এবং সমালোচনার যোগ্য জবাব আগেই দিয়েছিলেন অভিনেত্রী। এবার রাখীর দিন বোন নূপুর শ্যাননের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফের ট্রোলারদের নিশানা করলেন কৃতি।
রাখীর পোস্টে খোঁচা ট্রোলারদের
ইনস্টাগ্রামে বোন নূপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কৃতি, যেখানে দেখা যাচ্ছে দুই বোন একে অপরকে রাখী পরাচ্ছেন। ছবিটির ক্যাপশনে কৃতি লিখেছেন, “যতক্ষণ না রাখি ফ্যাশন কমিটি তার বৈঠক শেষ করছে, আমরা এমন এক বিষয়ের ওপর নজর দিই যা সত্যিই বেশি অর্থবহ। সকলকে রাখীর অনেক শুভেচ্ছা।” তাঁর এই ক্যাপশন থেকেই স্পষ্ট যে, পোশাক নিয়ে ট্রোল করা নেটিজেনদের ফ্যাশন পুলিশিকেই ঘুরিয়ে কটাক্ষ করেছেন তিনি।