“সেপ্টেম্বরে টানা কয়েকদিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক!” বড়সড় ধর্মঘটের হুঙ্কারে চরম বিপাকে গ্রাহকরা

পুজোর মরসুমের ঠিক আগেই সাধারণ মানুষ ও গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিল ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের যৌথ মঞ্চ ‘ইউএফবিইউ’ (UFBU)। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু, পেনশন সংক্রান্ত সমস্যা সমাধান, অভিন্ন ডিএ ফর্মুলা এবং পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভসহ একাধিক জোরালো দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

টানা কত দিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকতে পারে? ইউনিয়নগুলির তরফে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) দেশজুড়ে এই ধর্মঘট পালিত হবে। এরপর ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার এবং ১৩ সেপ্টেম্বর রবিবার হওয়ায় এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ১৪ সেপ্টেম্বর কিছু রাজ্যে গণেশ চতুর্থীর জন্য ছুটি থাকার কারণে টানা বেশ কিছুদিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কেন এই অসন্তোষ? ইউনিয়নগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চললেও কাজের কাজ কিছুই হয়নি। বিশেষ করে, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর বিষয়ে গত ২০২৪ সালের মার্চ মাসেই দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হলেও সরকারের তরফে এখনও পর্যন্ত তার চূড়ান্ত অনুমোদন মেলেনি।

পরবর্তী বড় কর্মসূচির হুঁশিয়ারি: ইউএফবিইউ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সরকার যদি সময়মতো দাবি না মানে তবে প্রথম দফার আন্দোলনের পর আরও বড় পদক্ষেপ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের সর্বভারতীয় ধর্মঘট এবং এর পরেও সমাধান না মিললে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি ধর্মঘটের পথে হাঁটতে পারে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। এখন দেখার, সরকারের পক্ষ থেকে এই সংকট কাটাতে কী পদক্ষেপ নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *