“সরকারি আইনজীবীদের চেয়ারে বসা নিয়ে তুলকালাম কাণ্ড আদালতে!” বিচারককে শেষ পর্যন্ত কী করতে হলো?

সরকার বদল হতেই সরকারি আইনজীবীদের প্যানেল পরিবর্তন নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক ও প্রশাসনিক তরজা। আর তার জেরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো সিউড়ি জেলা আদালতে। পুরোনো প্যানেলের আইনজীবীরা নতুনদের কাছে দায়িত্ব হস্তান্তর না করায় শুক্রবার দিনভর চলল তীব্র টানাপড়েন। যার জেরে একাধিক এজলাসে মামলার শুনানি থমকে যাওয়ায় মাথায় হাত পড়ে সাধারণ বিচারপ্রার্থীদের।
ঠিক কী নিয়ে বিবাদ? সূত্রের খবর, গত ১৭ আগস্ট নতুন প্যানেলের অনুমোদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়। বীরভূমের সিউড়ি জেলা আদালত ছাড়াও বোলপুর, রামপুরহাট এবং দুবরাজপুর মহকুমা আদালতের জন্য মোট ৫৮ জন নতুন সরকারি আইনজীবীর নাম অন্তর্ভুক্ত করা হয় তাতে। নিয়ম অনুযায়ী দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও, পুরোনো প্যানেলের আইনজীবীরা তা না করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এর প্রতিবাদেই নতুন প্যানেলের আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং একাধিক এজলাসে মামলার কাজ বন্ধ হয়ে যায়। দূরদূরান্ত থেকে মামলার শুনানির জন্য আসা সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হন।
বিচারকের হস্তক্ষেপে মিলল সমাধান: পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত আসরে নামেন জেলা ও দায়রা বিচারক। দুই পক্ষকে নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। দীর্ঘ আলোচনার পর অবশেষে বরফ গলে। দ্রুত দায়িত্ব হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়। বিকেলের মধ্যেই নথিপত্র এবং মামলা সংক্রান্ত সমস্ত কাগজপত্র নতুন প্যানেলের আইনজীবীদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আদালতের এই হস্তক্ষেপে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিচারপ্রার্থীরা।