“আর বিরক্ত করবেন না!” মানসিক অবসাদ ও স্বাস্থ্যের খাতিরে হঠাৎ গান থেকে বিরতি নিলেন খ্যাতনামা গায়ক-সুরকার

বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার আমাল মালিক চলতি বছরের বাকি সময়টার জন্য ফিল্মি গান থেকে সরে দাঁড়ানোর বড় ঘোষণা করেছেন। গত বৃহস্পতিবার নিজের অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই বিরতির কথা জানান। শারীরিক ও মানসিক সুস্থতা ফিরিয়ে আনা এবং নিজের শর্তে নতুন করে সঙ্গীতের সঙ্গে সংযোগ স্থাপন করাই তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছেন তিনি।

নিজের পোস্টে আমাল স্পষ্ট লিখেছেন, “মন, শরীর, আত্মা এবং সামগ্রিক শারীরিক সুস্থতার স্বার্থেই আমার এখন একটা বিরতির প্রয়োজন। ভক্তদের জন্য নতুন সুর নিয়ে খুব দ্রুত কামব্যাক করব।” একই সঙ্গে তিনি অনুরাগীদের অনুরোধ করেছেন, এই সিদ্ধান্ত কিংবা তাঁর আগামী ফিল্মি প্রজেক্ট নিয়ে যেন তাঁকে আর কোনো প্রশ্ন বা বিরক্ত করা না হয়। তিনি লিখেছেন, “দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। সময়মতো আমি নিজেই সব আপডেট জানিয়ে দেব।”

তবে তিনি এও জানান যে, তাঁর রেকর্ড করা কিছু পুরনো গান এখনও মুক্তি পেতে পারে, যদিও ছোট বাজেটের সিনেমা হওয়ায় সেগুলির থিয়েটার পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি ইমরান হাশমি, দিশা পাটানি এবং শাবানা আজমি অভিনীত ‘আওয়ারাাপন ২’ ছবির জন্য ‘ইয়ে আওয়ারাপন’ গানটি করেছিলেন আমাল।

শিল্প ইন্ডাস্ট্রির অন্ধকার দিক ও বঞ্চনার অভিযোগ
বলিউড থেকে তাঁর এই সরে দাঁড়ানোর পেছনে রয়েছে অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা। এর আগে গত মে মাসে তিনি প্রকাশ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। আমালের অভিযোগ ছিল, বিগত কয়েক বছর ধরে তাঁকে পরিকল্পিতভাবে একাধিক প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়েছে এবং ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁর বিরুদ্ধে কাজ করছেন। গত আট বছর ধরে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও এই সিস্টেমে তিনি চরম বাধার মুখে পড়েছেন বলে জানান।

তিনি সেসময় লিখেছিলেন, “গত ৮ বছর ধরে সততার সঙ্গে সব শর্ত মেনে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গাটা সবার জন্য নয়।” ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় তাঁর এবং তাঁর পরিবারের ওপর চাপ আরও বেড়েছিল বলে দাবি করেন তিনি। প্রভাবশালী চক্র তাঁর ফিল্মি কেরিয়ারের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেছিলেন।

স্বাধীন সঙ্গীতের দুনিয়ায় ফেরার ইঙ্গিত
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়ার পর তিনি আগেই স্বতন্ত্র বা স্বাধীন সঙ্গীতের (Independent Music) দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত দিয়েছিলেন। বর্তমান ঘোষণাটি সেই পথেই তাঁর ফিরে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত বহন করছে। সঙ্গীতের দুনিয়া থেকে সিনেমা এবং সেখান থেকে আবার নিজের শিকড়ে ফিরে আসার কথা বলতে গিয়ে আমাল লেখেন, “মিউজিক সে সিনেমা তক কা সফর মুঝে বহোত দূর লে আয়া হ্যায়, অব মিউজিক কি তরফ ওয়াপস চলনে লাগা হুঁ।”

পোস্টের শেষে ভক্তদের উদ্দেশে বিদায় জানিয়ে তিনি লেখেন, “অব মুঝে বিদা কারো, আই উইল বি ব্যাক। এনিওয়ে সাইনিং অফ ফর এ বিট…” তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে অনুরাগীদের মনে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *