সিনেমার ‘জলি এলএলবি’ দেখেছেন, বাস্তবের ‘জালি এলএলবি’-র কাণ্ড জানলে চমকে উঠবেন!

বলিউডের জনপ্রিয় কোর্টরুম ড্রামা ‘জলি এলএলবি’ ছবির কথা নিশ্চয়ই মনে আছে? পর্দায় সেই ছবি দর্শকদের যেমন হাসিয়েছে, তেমনই আইনি ব্যবস্থার নানা দিক ফুটিয়ে তুলেছে। তবে সিনেমার সেই গল্পকে হার মানাল বাস্তবের এক ঘটনা। কোচবিহারের মাথাভাঙা মহকুমা আদালতে আইনজীবী সেজে দিনের পর দিন প্রতারণা চালানোর অভিযোগে এক ভুয়া আইনজীবীকে হাতেনাতে পাকড়াও করলেন আসল আইনজীবীরা। আর তারপরই হাতাহাতি ও গণধোলাইয়ের জেরে চরম উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।

কীভাবে ধরা পড়ল এই ‘জালি এলএলবি’?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম আবেদ আলি। গায়ে কালো কোট, পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট—আদম্য আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে মাথাভাঙা আদালত চত্বরে ঘোরাফেরা করতেন তিনি। নিজেকে বিএসসি ও এলএলবি ডিগ্রিধারী আইনজীবী বলে পরিচয় দিয়ে সাধারণ বিচারপ্রার্থীদের কাছ থেকে আইনি সহায়তার নামে টাকা তুলছিলেন তিনি।

বেশ কিছুদিন ধরে তাঁর গতিবিধি সন্দেহজনক ঠেকায় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের নজরে আসেন তিনি। শুক্রবার তাঁকে ঘিরে ধরে শিক্ষাগত যোগ্যতা ও রেজিস্ট্রেশনের শংসাপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় বেগতিক বুঝে আদালত চত্বর থেকে সোজা থানায় গিয়ে আশ্রয় নেন আবেদ।

জেরায় বেরিয়ে এল অবিশ্বাস্য তথ্য

থানা থেকেও আইনজীবীরা তাঁকে টেনে বাইরে নিয়ে এসে জেরা শুরু করেন। সেখানেই সাধারণ মানুষের সামনে আসল সত্য ফাঁস হয়ে যায়। ভুয়া আইনজীবী নিজেই স্বীকার করেন যে, তিনি আদতে কোনও আইনজীবী তো দূরের কথা, অষ্টম শ্রেণি পাসও করেননি! ল-ক্লার্কের কার্ড বানাতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে সাফাই দিলেও, গত পাঁচ-ছ’বছর ধরে তিনি কীভাবে এই পেশার আড়ালে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিলেন, তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

শেষে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালতের অন্দরে এমন অভিনব জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *