NDA না INDIA জিতবে কারা? জেনেনিন এই মুহূর্তে ভোট হলে কারা গড়বে সরকার?

আজ যদি দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে কারা গঠন করবে সরকার? প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসী কি এখনও নরেন্দ্র মোদীকেই সবচেয়ে বেশি পছন্দ করছেন? এই সমস্ত জ্বলন্ত প্রশ্নের উত্তর সামনে এনেছে ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের যৌথ উদ্যোগে প্রকাশিত মেগা ‘মুড অফ দ্য নেশন’ (MOTN) সমীক্ষা। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি এই সমীক্ষায় উঠে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য।
কার দখলে কত আসন? কী বলছে সমীক্ষা?
‘মুড অফ দ্য নেশন’-এর পূর্বাভাস অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে আজ লোকসভা ভোট হলে ফের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ (NDA)।
-
এনডিএ জোট: সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ৩২৬টি আসন। তাদের সম্ভাব্য ভোট শেয়ার থাকতে পারে ৪৫ শতাংশ। একা বিজেপির ঝুলিতে যেতে পারে ২৬১টি আসন।
-
ইন্ডিয়া (INDIA) জোট: বিরোধী ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৮৫টি আসন এবং তাদের ভোট শতাংশ হতে পারে ৩৯ শতাংশ। এর মধ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১০৬টি আসন এবং অন্যান্য দলগুলি পেতে পারে ১৭৬টি আসন।
-
অন্যান্য দলগুলি: অন্যান্যরা পেতে পারে ৩২টি আসন (ভোট শতাংশ ১৬ শতাংশ)।
চলতি বছরের ১ জুলাই থেকে ২৫ অগাস্ট পর্যন্ত দেশের সমস্ত রাজ্য ও লোকসভা কেন্দ্র জুড়ে বিভিন্ন বয়স, ধর্ম ও লিঙ্গের ২৫,১৮৪ জন প্রাপ্তবয়স্কের সরাসরি মতামত এবং মোট ১,১৬,৬৪৪ জনের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছে।
রাজ্যভিত্তিক রাজনৈতিক সমীকরণ
-
উত্তর প্রদেশ: রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। এনডিএ ৪২ শতাংশ ভোট পেলেও আসন সংখ্যার বিচারে কিছুটা পিছিয়ে ৩৮টি আসন পেতে পারে। অন্যদিকে, ইন্ডিয়া ব্লক ৪০ শতাংশ ভোট পেয়ে ৪১টি আসন দখল করতে পারে বলে অনুমান।
-
মহারাষ্ট্র: এই রাজ্যে এনডিএ-র পাল্লা ভারী। এনডিএ ৪৯ শতাংশ ভোট নিয়ে ৩১টি আসন এবং ইন্ডিয়া ব্লক ৪৩ শতাংশ ভোট পেয়ে ১৭টি আসন পেতে পারে।
-
পশ্চিমবঙ্গ: রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনডিএ বেশ খানিকটা এগিয়ে রয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এনডিএ এখানে ৪৬ শতাংশ ভোট ও ৩৫টি আসন পেতে পারে। অন্যদিকে, ইন্ডিয়া ব্লকের ঝুলিতে যেতে পারে মাত্র ১১ শতাংশ ভোট এবং ৭টি আসন।
-
পাঞ্জাব: এই রাজ্যে ইন্ডিয়া ব্লক ২৫ শতাংশ ভোট ও ১১টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে, যেখানে এনডিএ পেতে পারে ১৬ শতাংশ ভোট ও ১টি আসন।
প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও নরেন্দ্র মোদীর কাজ নিয়ে জনমত
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশবাসীর প্রথম পছন্দ কে? এই প্রশ্নের উত্তরে ৪৯ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে, ২৭ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী এবং তামিলনাড়ুর নেতা সি. জোসেফ বিজয় ৯ শতাংশ সমর্থন পেয়ে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামগ্রিক কাজকর্ম নিয়ে ৫১ শতাংশ মানুষ প্রশংসা করেছেন, ১৭ শতাংশের মতে তাঁর কাজ গড়পড়তা, এবং ২৭ শতাংশ মানুষ তাঁর কাজের সমালোচনা করেছেন। সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ১৩ শতাংশ মানুষ রাজনৈতিক স্থিতিশীলতাকে বেছে নিয়েছেন। পাশাপাশি, ৭০ শতাংশ মানুষ ‘এক দেশ, এক নির্বাচন’ নীতিকে ব্যাপক সমর্থন জানিয়েছেন এবং ৬৫ শতাংশ নাগরিক দলত্যাগ বিরোধী আইনকে আরও কঠোর করার পক্ষে মত দিয়েছেন।