তদন্ত শুরুর আগেই বড় ধাক্কা যাদবপুরে! পদত্যাগের হিড়িক পড়ে যাওয়ায় অস্বস্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!

তদন্ত শুরুর আগেই হোঁচট খেল যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটি! পদ ছাড়লেন শুভশঙ্কর সরকার ও অরুণাশিস গোস্বামী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনা ঘিরে গঠিত তদন্ত কমিটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। কোনো রকম আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একের পর এক বিশিষ্ট শিক্ষাবিদ এই তদন্ত কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তীব্র অস্বস্তি তৈরি হয়েছে।
কে কেন সরে দাঁড়ালেন? বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই কমিটির চেয়ারম্যান হিসেবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং মেইল পাঠিয়ে নিজের অপারগতার কথা জানিয়ে দেন। ৭০ বছর বয়স্ক প্রাক্তন উপাচার্য জানান, কলকাতার বাইরে তাঁর ব্যক্তিগত ব্যস্ততা থাকায় এই বিশাল দায়িত্ব সামলানো তাঁর পক্ষে সম্ভব নয়।
শুধু চেয়ারম্যান পদেই নয়, এই ধাক্কা এসে লেগেছে কমিটির সদস্য পদের ক্ষেত্রেও। শুভঙ্কর সরকারের পর এবার তদন্ত কমিটির সদস্য পদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাবা সাহেব অম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাশিস গোস্বামীও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো মেইলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নিজের বিশ্ববিদ্যালয়ের কাজের চাপে তিনি ব্যস্ত রয়েছেন। এছাড়া এই ধরনের তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘমেয়াদী হওয়ায় হঠাৎ করে এই দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে অসম্ভব, ফলে তিনি এই কমিটি থেকে সম্পূর্ণ বিরত থাকছেন। একের পর এক শিক্ষাবিদের এমন অনীহায় এখন বড়সড় প্রশ্নের মুখে পড়েছে যাদবপুরকাণ্ডের তদন্ত প্রক্রিয়া।