মহালয়ার ভোরে স্টার জলসায় অসুর নিধন করবেন শুভশ্রী! আর কোন কোন জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে দেবীরূপে?

মহালয়ায় স্টার জলসায় অসুর নিধন করবেন শুভশ্রী! দেবী ভ্রামরী, কালী ও কমলা হিসেবে নজরে থাকবেন কারা?

মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর বাঙালি ঘরে ঘরে টিভিপর্চায় মহিষাসুরমর্দিনী দেখার নস্ট্যালজিয়া। পুজো যতই ঘনিয়ে আসে, কোন চ্যানেলে কে হবেন দেবী দুর্গা—তা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত থাকে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, এবছর স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। আর তাঁর বিপরীতে মহাদেবের বা শিবের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে।

‘রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী’র চমক: সম্প্রতি স্টার জলসার তরফে এই মহালয়ার প্রভাতী অনুষ্ঠানের ঝলক বা প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী’। আর এই অনুষ্ঠানে দেবীর বিভিন্ন রূপ ফুটিয়ে তুলতে ছোটপর্দার একঝাক জনপ্রিয় মুখকে বেছে নেওয়া হয়েছে।

প্রোমো অনুযায়ী, দেবী কমলার বেশে দর্শকদের মন জয় করবেন ‘গঙ্গা’ খ্যাত হিয়া মুখার্জি। অন্যদিকে, ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকের নায়িকা মানালি মনীষা দে-কে দেখা যাবে দেবী ভ্রামরীরূপে। পাশাপাশি, ‘বাবলি সুন্দরী’ খ্যাত স্নেহা গুড়িয়া হাজির হবেন ভয়ংকরী দেবী কালীর রূপ ধারণ করে।

এছাড়াও দেবীর অন্যান্য শক্তিশালী ও নান্দনিক রূপে দেখা মিলবে তৃণা সাহা, স্বস্তিকা দত্ত এবং সুস্মিতা দে-র মতো জনপ্রিয় অভিনেত্রীদের। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে কীভাবে দেবী মহাশক্তি রূপে ধরা দেন, তারই এক নান্দনিক উপস্থাপনা এবার দেখা যাবে স্টার জলসার পর্দায়। যদিও অনুষ্ঠানটির সঠিক সম্প্রচারের সময় এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রতিবারের মতো মহালয়ার দিন ভোরেই যে এটি সম্প্রচারিত হবে, তা বলাই বাহুল্য।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *