আওয়ামী লিগ নিষিদ্ধ, হাসিনা দেশছাড়া! এই উত্তাল পরিস্থিতিতেই কলকাতায় এল ‘ধানমণ্ডি ৩২’–এর নেপথ্য সত্য!

বারবার আঘাত বঙ্গবন্ধুর বাড়িতে, দগদগে ক্ষতর দাগ নিয়ে কলকাতায় প্রকাশিত হল ‘ধানমণ্ডি ৩২’
ধানমণ্ডি ৩২—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি আজ শুধু একটি ঠিকানা নয়, বরং মুজিব-অনুরাগীদের কাছে একরাশ আবেগ ও অক্ষত স্মৃতির প্রতীক। কিন্তু সময়ের পালাবদলে সেই ঠিকানাতেই নেমে এসেছে একের পর এক আঘাত। দেওয়ালে জমেছে পোড়া দাগ, পদ্মাপারে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লিগ এবং মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে মুজিব-কন্যা শেখ হাসিনাও বর্তমানে ভারতে আশ্রয়প্রার্থী। এই চরম রাজনৈতিক পটপরিবর্তন ও উত্তাল পরিস্থিতির মাঝেই বাংলাদেশের অতীত ও বর্তমানকে দু’মলাটে বন্দি করে কলকাতায় আত্মপ্রকাশ করল লেখক ও চলচ্চিত্র নির্মাতা এফ এম শাহীনের নতুন বই ‘ধানমণ্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপ’।
গত ২৩ আগস্ট অবনীন্দ্র সভাঘরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বইটি প্রকাশিত হয়। পদ্মশ্রী ড. নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানস ঘোষ, অধ্যাপক রুবি সাইন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
কী রয়েছে এই বইয়ে? আলোচকদের মতে, বইটির শিরোনাম ‘ধানমণ্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপ’ কেবল একটি নাম নয়, এটি আজকের বাংলাদেশের এক জীবন্ত প্রতীক। লেখক এফ এম শাহীন এই উপন্যাসে ধানমণ্ডি ৩২-এর ঐতিহাসিক তাৎপর্য, বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সমকালীন বাস্তবতার নানা দিক অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানুষের পরিচয়ের লড়াইকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তা দুই বাংলার পাঠকদের নতুন করে ভাবতে বাধ্য করবে। কলকাতার ‘পরম্পরা প্রকাশন’ থেকে প্রকাশিত এই গ্রন্থটি ইতিমধ্যেই সাহিত্যমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।