২১ আসনের বোর্ডে চরম বিপর্যয়! তৃণমূল প্রধানকে হঠিয়ে কি বড় চমক দিল বিজেপি?

পুরুলিয়ায় বড় ধাক্কা তৃণমূল শিবিরে! অনাস্থা প্রস্তাবে অপসারিত তুন্তুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতের প্রধান
তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতে বড়সড় ভাঙন! পুরুলিয়ার বাগমুণ্ডি ব্লকের তুন্তুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন শাসকদলের প্রধান অষ্টমী কুইরী। ২১ আসনের এই পঞ্চায়েতে তৃণমূলের হাতে ১১টি আসন থাকা সত্ত্বেও দলীয় কোন্দল ও বিরোধীদের যৌথ আক্রমণে শেষ রক্ষা হল না।
কীভাবে এল এই পতন? স্থানীয় সূত্রে খবর, গত ১৭ আগস্ট বর্তমান প্রধানের বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন মোট ১৩ জন সদস্য। এরপর নির্দিষ্ট দিনে পঞ্চায়েত অফিসে ভোটাভুক্তি প্রক্রিয়া শুরু হলে উপস্থিত ১৩ জন সদস্যই অনাস্থার পক্ষে ভোট দেন। এর ফলে একপ্রকার সহজেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদ হারাতে হয় তৃণমূল প্রধানকে।
নতুন রাজনৈতিক সমীকরণ ও উপপ্রধানের দলবদল: এই প্রশাসনিক পালাবদলের নেপথ্যে রয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। প্রধানের এই স্বেচ্ছাচারী মনোভাব ও কাজের পদ্ধতির প্রতিবাদ জানিয়ে ইতিপূর্বেই উপপ্রধান সমীর মাহাতো শাসকশিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। উপপ্রধানের এই দলবদল এবং বিরোধী শক্তির একজোট হওয়াই তৃণমূলের এই দুর্গ পতনের পথ প্রশস্ত করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনায় জঙ্গলমহলের রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।