একদিনে ১০ শিশুর মৃত্যু! মালদহ মেডিক্যাল কলেজের চাঞ্চল্যকর ঘটনায় রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য ভবনের

একই দিনে ১০ জন শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তলব করল রাজ্য স্বাস্থ্য দফতর। মৃত্যু শংসাপত্রে শ্বাসকষ্ট এবং জন্ডিসের মতো গুরুতর কারণের উল্লেখ থাকায় ঘটনাটি নিয়ে নতুন করে প্রশাসনিক স্তরে অস্বস্তি তৈরি হয়েছে।
সূত্রের খবর, অগাস্টের দ্বিতীয় সপ্তাহের ওই নির্দিষ্ট দিনে হাসপাতালে মারা যাওয়া শিশুদের মৃত্যুর কারণ হিসেবে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলা হয়েছিল। অভিযোগ ওঠে, প্রথমে এই মৃত্যুর তথ্য পুরোপুরি গোপন করার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে স্বাস্থ্য দফতরের অফিশিয়াল সাইটে সেই তথ্য আপলোড হতেই তা ঊর্ধ্বতন কর্তাদের নজরে আসে এবং রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়ে যায়।
এই বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করা হয়। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, একই দিনে ১০ জন শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দফতর রিপোর্ট তলব করেছে। সেই নির্দেশমতো সমস্ত তথ্য প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে, মৃত ১০ জন শিশুর মধ্যে ৮ জনকেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বাইরের বিভিন্ন নার্সিংহোম থেকে এই মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। বাকি দু’জন এই হাসপাতালেই প্রসব হয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই শিশুদের মধ্যে চারজনের জন্মগত হার্টের সমস্যা ছিল, দু’জন ভুগছিল তীব্র শ্বাসকষ্টে এবং অন্যদেরও একাধিক জটিল রোগ ছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এই সাফাইয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা সম্পূর্ণ সন্তুষ্ট হতে না পারায় শেষ পর্যন্ত লিখিত ও পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে।