খাঁটি দুধের নামে বিষাক্ত রাসায়নিক ও অ্যাসিড! নবদ্বীপে ভেজাল দুধের বিশাল কারখানার হদিস, আটক এক

খাঁটি দুধের আড়ালে চলছে ভয়ংকর প্রতারণা। মাত্র ২০ লিটার আসল দুধের সঙ্গে ছানার জল, ক্ষতিকারক রাসায়নিক, ওষুধ এবং অ্যাসিড মিশিয়ে প্রায় ১০০ লিটার ভেজাল তরল দুধ তৈরির একটি অবৈধ কারখানার হদিস মিলল। নবদ্বীপ থানার মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব যৌথভাবে ওই কারখানায় হানা দেন।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে এভাবেই ভেজাল তরল দুধ তৈরি করে তা প্যাকেটজাত করা হতো। এরপর নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এবং নানা সংস্থায় সেই দুধ সরবরাহ করা হতো। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রাসায়নিক, পাউডার, ওষুধ এবং তৈরি ভেজাল তরল দুধ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে দ্রুত নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানাটি সিল করে দেয়। হাতেনাতে পাকড়াও করা হয় কারখানার মালিকের ভাগ্নে পরিচয়দানকারী এক যুবককে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিজেপি নেতা শশধর নন্দী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে এই বেআইনি কারবার চলছে। পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, এই পুরো ঘটনায় নতুন মোড় এনেছে কারখানার বাইরে টাঙানো একটি সাইনবোর্ড। সেখানে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিঃ’ এবং ‘দি কিষান কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড’-এর নাম ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই সমবায় সমিতির সঙ্গে এই বেআইনি কারবারের আদতে কোনো যোগ রয়েছে কি না। গোটা ঘটনার সত্যতা যাচাই করতে এবং এই চক্রের আসল পান্ডাদের ধরতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।