তৎকালেও টিকিট নেই? ট্রেনের চার্ট তৈরির পরেও মিলবে কনফার্ম সিট, জানুন দুর্দান্ত এই সিক্রেট ট্রিক!

জরুরি প্রয়োজন হোক বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা—দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে এখনও মানুষের প্রথম ভরসা ট্রেন। কিন্তু বর্তমানে ট্রেনের টিকিট পাওয়া যেন রীতিমতো ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ৬০ দিন আগে বুকিংয়ের সুযোগ থাকলেও ওপেনিং হতেই মাত্র কয়েক মিনিটে সব টিকিট শেষ হয়ে যায়। ফলে বহুযাত্রীই ভরসা রাখেন তৎকাল টিকিটের ওপর। কিন্তু আজকাল তৎকাল টিকিট কাটতেও গিয়েও বেশিরভাগ সময় খালি হাতে ফিরতে হয়। তবে তৎকাল শেষ হয়ে গেলেও যাত্রার সুযোগ কিন্তু পুরোপুরি ফুরিয়ে যায় না। রেলওয়ের বিশেষ ব্যবস্থায় কিছু কৌশল মেনে চললে শেষ মুহূর্তেও কনফার্ম সিট পাওয়া সম্ভব।
চার্ট তৈরির পরের সুযোগ
সাধারণত ট্রেন ছাড়ার ৩ থেকে ৪ ঘণ্টা আগে প্রথম বা ফাইনাল প্যাসেঞ্জার চার্ট প্রস্তুত করা হয়। কিন্তু শেষ মুহূর্তে নানা কারণে অনেক যাত্রীই তাঁদের টিকিট বাতিল করেন। এছাড়া বিভিন্ন কোটার অব্যবহৃত সিটও খালি থাকে। এই ফাঁকা আসনগুলি পরবর্তীতে যাত্রীদের সরাসরি বুকিংয়ের জন্য উপলব্ধ করা হয়।
কীভাবে মিলবে এই কনফার্ম টিকিট?
তৎকাল টিকিট না পেয়ে হতাশ না হয়ে আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। ট্রেন ছাড়ার ঠিক আগে চার্ট বা ভ্যাকেন্সি (Vacancy) অপশনে গিয়ে নির্দিষ্ট ট্রেনের নম্বর দিয়ে বর্তমান স্থিতি যাচাই করতে পারেন। সেখানে কোন কোচে বা বার্থে কতগুলি সিট খালি রয়েছে, তার সঠিক হিসাব দেখা যায়। এই ক্ষেত্রে ওয়েটিং লিস্টের ঝামেলা থাকে না, সরাসরি কনফার্ম সিট বুক করা যায়।
পুরো বিষয়টি সম্পূর্ণভাবে সিটের প্রাপ্যতার ওপর নির্ভর করে। তাই তৎকাল উইন্ডো বন্ধ হয়ে গেলেও আশা ছাড়বেন না। ট্রেন ছাড়ার আগে চার্ট তৈরির পর খালি আসনের ওপর চোখ রাখলে শেষ মুহূর্তেও যাত্রার সুযোগ হাতছাড়া হবে না।