২০৪৭-এর উন্নত ভারত গড়তে কোন বড় বিপদের মুখে পড়তে চলেছে দেশ? মোক্ষম বার্তা দিলেন অমিত শাহ!

দেশের অর্থনৈতিক প্রগতির সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও বেশি শক্তিশালী করতে হবে। সম্প্রতি নয়াদিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এই জোরালো বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং সাইবার অপরাধের মতো নতুন চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
পুরনো পদ্ধতি বদলের ডাক
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এতদিন সাধারণত কোনও নিরাপত্তা সমস্যা বড় আকার ধারণ করার পরই তার মোকাবিলায় পদক্ষেপ করা হতো। কিন্তু ভবিষ্যতের নিরাপত্তাকে সুরক্ষিত করতে এই পুরনো ধারণায় বদল আনতে হবে। অতীতে অনুপ্রবেশ, মাদক পাচার, নকশালবাদ কিংবা উত্তর-পূর্ব ভারতের অশান্তির মতো সমস্যাগুলো যদি অনেক আগেই শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেত, তবে দেশ দীর্ঘমেয়াদী প্রশাসনিক চ্যালেঞ্জ এড়াতে পারত। তাই বড় সংকট তৈরি হওয়ার আগেই সমস্যার শেকড় পর্যন্ত পৌঁছে তা নির্মূল করার ওপর জোর দিয়েছেন তিনি।
সফল হয়েছে তিন হটস্পট মোকাবিলা
সম্মেলনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার তিনটি বড় সংবেদনশীল অঞ্চলের হুমকি সফলভাবে মোকাবিলা করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমেই এই সাফল্য এসেছে বলে জানান তিনি। নিখুঁত পরিকল্পনা এবং নিরন্তর নজরদারির ফলে যে ইতিবাচক ফলাফল মিলছে, তা প্রশংসার দাবিদার।
আগামী ২০ বছরের নতুন রূপরেখা
বর্তমান সাফল্যেই থেমে থাকতে নারাজ কেন্দ্র। আগামী ১৫ থেকে ২০ বছরে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা এখনই চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থোগুলোকে নির্দেশ দিয়েছেন অমিত শাহ। আধুনিক প্রযুক্তির অপব্যবহার, পরিবর্তিত অপরাধের ধরন এবং আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তার কৌশল নির্ধারণের তাগিদ দেওয়া হয়েছে। শুধু বর্তমানের সংকট মেটানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই সম্মেলনে।