ট্রাম্প প্রশাসনের কড়া নীতি নাকি অন্য কোনো চাল? বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা বন্ধ নিয়ে বড় আপডেট

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখে যাঁরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এল এক বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির জেরে বিশ্বজুড়ে নিজেদের দূতাবাস এবং কনস্যুলেটগুলিতে অভিবাসী ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের দাবি, কনস্যুলার অফিসারদের জন্য একটি বিশেষ গ্লোবাল ট্রেনিং কর্মসূচির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আবেদনকারীদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই নির্ধারিত বেশ কিছু অভিবাসী ভিসার ইন্টারভিউ বাতিল বা স্থগিত করা হয়েছে। আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে, যদিও ভিসা প্রক্রিয়া কবে আবার স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো কনস্যুলার অফিসারদের আরও কঠোর স্ক্রিনিং পদ্ধতি শেখানো, বিশেষ করে আবেদনকারীরা ভবিষ্যতে মার্কিন সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা আরও গভীরভাবে যাচাই করা।
কেন এই কড়া পদক্ষেপ?
ট্রাম্প প্রশাসনের সামগ্রিক অভিবাসন এবং ভিসা নীতির আমূল পরিবর্তনেরই অংশ হলো এই সর্বশেষ পদক্ষেপ। অভিবাসীদের আর্থিক স্বনির্ভরতা এবং নিজেদের খরচ নিজেরাই চালানোর ক্ষমতা প্রমাণ করাকে এই স্ক্রিনিং প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু করার ক্ষেত্রে সাময়িক বিরতির কথা ঘোষণা করেছিল স্টেট ডিপার্টমেন্ট। মূলত ‘পাবলিক চার্জ’ বা সরকারি সাহায্যের ওপর নির্ভরতার ঝুঁকি কমাতে এই নীতি নেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে স্ক্রিনিং প্রক্রিয়া আরও কঠোর করা হয়। জুলাই মাসে এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করার পাশাপাশি আগস্ট মাসে কিছু নির্দিষ্ট অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য ‘পাবলিক চার্জ বন্ড’-এর ব্যবস্থাও চালু করেছে প্রশাসন। তবে বিশ্বজুড়ে স্থগিত রাখার এই নির্দেশকে সমস্ত মার্কিন ভিসা বাতিলের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। বর্তমানের এই নিষেধাজ্ঞা বিশেষভাবে প্রযোজ্য স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে। পর্যটক, ছাত্র বা অস্থায়ী কাজের মতো অভিবাসী নয় এমন ভিসাগুলি আলাদা প্রক্রিয়ায় পরিচালিত হলেও, এই প্রশিক্ষণের কারণে সেগুলির কিছু অ্যাপয়েন্টমেন্টেও প্রভাব পড়েছে।
আইনি ধাক্কার পরেই এল এই সিদ্ধান্ত
এর আগে গত সপ্তাহে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের পূর্ববর্তী নীতিটিকে খারিজ করে দিয়েছিল মার্কিন ফেডারেল আদালত। ইউএস ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস রায় দিয়েছিলেন যে, এই স্থগিতাদেশ জারি করে সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও তাঁর ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। তা সত্ত্বেও আইনি ধাক্কাকে পাশ কাটিয়ে বিভিন্ন নতুন ব্যবস্থার মাধ্যমে অভিবাসন স্ক্রিনিং আরও কঠোর করে চলেছে হোয়াইট হাউসের প্রশাসন।
স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষা করা এবং অভিবাসন নিয়মগুলি সঠিকভাবে কার্যকর করা নিশ্চিত করা। অন্যদিকে, সমালোচকদের একাংশের অভিযোগ, আইনি অভিবাসন প্রক্রিয়াকে সীমিত করতেই ট্রাম্প প্রশাসন এই ধরনের কড়া নীতি গ্রহণ করছে। যাঁদের ইন্টারভিউ বাতিল হয়েছে, তাঁদের ক্ষেত্রে প্রক্রিয়া কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা না দেওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন আবেদনকারীরা।