“আইন সবার জন্য সমান!” বিধানসভার বই না ফেরানো নিয়ে মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভার বই ফেরত না দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। মন্ত্রীর দাবি, আইন সকলের জন্যই এক, তাই সাধারণ মানুষের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও একই নিয়মের মুখোমুখি হতে হবে। প্রয়োজনে এই বিষয়ে আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও সাফ জানিয়েছেন তিনি।
মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ এই প্রসঙ্গে স্পষ্ট ভাষায় বলেন, “আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। সবার জন্য নিয়ম একই। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও যদি তিনি বই ফেরত না দেন, তাহলে আমরা কী বলতে পারি? একজন সাধারণ মানুষ বই ফেরত না দিলে যে শাস্তির মুখে পড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই একই শাস্তির মুখোমুখি হতে হবে। নিয়ম হলো, বই নিন, পড়ুন এবং ফেরত দিন। তিনি বই ফেরত দেবেন না কেন?”
তাঁর আরও সংযোজন, বর্তমান সরকারের লক্ষ্য এমন একটি নতুন বাংলা গড়ে তোলা, যেখানে আইনের চোখে প্রত্যেকে সমান এবং কোনো বৈষম্য থাকবে না।
সরকারি গ্রন্থাগার থেকে বাদ যাবে মমতার বই?
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সরকারি গ্রন্থাগারে রাখা হবে কি না—এই প্রশ্নের উত্তরে মন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় জানান, তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এপাং ওপাং ঝপাং’ বা এই ধরনের বই সরকারি গ্রন্থাগারে রাখা হবে না। তাঁর দাবি, এই বইগুলি কেবল একটি নির্দিষ্ট দলের স্বার্থে প্রকাশিত হয়েছিল। এর পরিবর্তে দেশপ্রেম, জাতীয় সংহতি এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে সহায়ক বইগুলিকেই গ্রন্থাগারের তাক ঠাঁই দেওয়া হবে।
অন্যদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই প্রসঙ্গে মন্ত্রীর সাফ কথা, তিনিই সেই ঐতিহাসিক ব্যক্তি যিনি বাংলাকে রক্ষা করেছিলেন, নতুবা বাংলা পাকিস্তানের অংশ হয়ে যেত। তাই তাঁর লেখা এবং তাঁকে নিয়ে লেখা বই সরকারি গ্রন্থাগারে আবশ্যিকভাবেই রাখা হবে বলে জানিয়েছেন তিনি।