‘স্ত্রী কামড়ে দিয়েছেন’,-চিকিৎসকের আজব পরামর্শ! SSKM-এর ভাইরাল প্রেসক্রিপশনের পর্দাফাঁস

SSKM হাসপাতালের একটি ওপিডি প্রেসক্রিপশন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। প্রেসক্রিপশনের তারিখ ১৪ অগাস্ট ২০২৬। সেখানে ক্লিনিক্যাল নোটে রোগীর সমস্যা হিসেবে লেখা, ‘স্ত্রী কামড়ে দিয়েছেন!’ আর তার ঠিক নিচে চিকিৎসকের পরিষ্কার পরামর্শ, ‘স্ত্রীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন!’ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের এমন পরামর্শ দেখে স্বভাবতই নেটিজেনদের চোখ কপালে ওঠে। মুহূর্তের মধ্যে শেয়ার হতে শুরু করে ছবিটি। কিন্তু আসলেই কি এমন অদ্ভুত ঘটনা ঘটেছে?

গোটা বিষয়টি নজরে আসার পর যথেষ্ট অস্বস্তিতে পড়েন SSKM হাসপাতালের চিকিৎসকরা। ফিজিক্যাল মেডিসিন বিভাগের নাম থাকা এই আজব প্রেসক্রিপশন দেখে অনেকেই প্রশ্ন তোলেন, সত্যিই কি কোনও চিকিৎসক রোগীকে এমন পরামর্শ দিয়েছেন। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে এই প্রেসক্রিপশনটি সম্পূর্ণ ভুয়ো। মঙ্গলবার এই ঘটনার প্রেক্ষিতে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের কামড়ের মতো কোনও আঘাতের চিকিৎসা ফিজিক্যাল মেডিসিন বিভাগে হয় না। এই ধরনের ঘটনার চিকিৎসা সাধারণত জেনারেল সার্জারি বিভাগে হয়ে থাকে। তাছাড়াও আসল ওপিডি প্রেসক্রিপশনে হাসপাতালের নির্দিষ্ট সিলমোহর থাকে এবং সেটি রেজিস্টারে যথাযথভাবে নথিভুক্ত করা হয়। কিন্তু এই ভাইরাল হওয়া প্রেসক্রিপশনের কোনও রেকর্ড হাসপাতাল কর্তৃপক্ষ তন্নতন্ন করে খুঁজেও পায়নি।

ভাইরাল ওই প্রেসক্রিপশনে উপসর্গ হিসেবে ক্ষতস্থান লাল হয়ে ফুলে থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি গ্যাস, অম্বল ও ব্যথার ওষুধ এবং ত্বকের সংক্রমণের একটি মলম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, পেশাদার চিকিৎসকরা সাধারণত প্রেসক্রিপশনে ‘হিউম্যান বাইট’ কথাটি উল্লেখ করেন। সম্পর্ক উল্লেখ করে কে কামড়েছে, তা লেখা চিকিৎসাবিজ্ঞানের দস্তুর নয়।

প্রাথমিক তদন্তে অনুমান, আসল কোনও প্রেসক্রিপশনের ছবি তুলে এআই বা ছবি এডিট করার টুলের সাহায্যে এই কাণ্ড ঘটানো হয়েছে। নিছক মজার ছলেই কেউ এই ভুয়ো প্রেসক্রিপশন বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি সামনে আসার পর SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমএসভিপি পীযূষ রায় সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন। কে বা কারা এই ভুয়ো খবর ছড়াল, পুলিশ বর্তমানে তার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *