শাহিদ কাপুরের সহ-অভিনেতা গ্রেপ্তার! মাদক মামলায় নাম জড়াতেই মুম্বইয়ে খলনায়ক মডেল-তারকা

বলিউড অন্দরে ফের মাদক চক্রের হদিশ! এবার পুলিশের জালে ধরা পড়লেন অভিনেতা তথা মডেল রোহুল্লা মেহদি। সাম্প্রতিক সময়ে শাহিদ কাপুর অভিনীত ‘ডেভা’ (Deva) ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন এই অভিনেতা। উচ্চপর্যায়ের একটি মাদক পাচার মামলার তদন্তে নেমে মুম্বইয়ের কাসিম্বরা ক্রাইম ব্রাঞ্চের পুলিশ তাঁকে ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে মাদক কেনাবেচা করা হচ্ছিল— এমন একটি গোপন খবরের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর খরিদ্দার সেজে ফাঁদ পাতে অপরাধ দমন শাখা। দহিসার চেক নাকা এলাকার একটি মলের সামনে ২৮ গ্রাম এমডি (MD) ড্রাগস ডেলিভারি দিতে এলে কাসিম নামে এক ব্যক্তিকে প্রথমে হাতেনাতে ধরে পুলিশ। পরে ধৃতকে জেরা করেই মূল অভিযুক্ত হিসেবে অভিনেতা রোহুল্লা মেহদির নাম উঠে আসে।
মালাডের একটি স্টুডিওতে যখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন রোহুল্লা, ঠিক তখনই বাইরে থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তিনি কাদের কাছে এই নিষিদ্ধ মাদক সরবরাহ করতেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আগামী দিনে আরও বেশ কিছু চাঞ্চল্যকর নাম সামনে আসতে পারে। মূল বাড়ি জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় হলেও কাজের সূত্রে তিনি বর্তমানে মুম্বইয়ের গোরগাঁওয়ের বাসিন্দা। অভিনব কায়দায় মাদক পাচারের এই ঘটনায় বর্তমানে বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।