ব্যাঙ্কে তালা ঝোলার উপক্রম! পুজোর আগেই টানা তিন দিন ধর্মঘটের ডাক কর্মচারীদের

আগামী মাসেই দেশজুড়ে বড়সড় ব্যাঙ্কিং সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই কাঠামোর বৈষম্য এবং সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন বা ইউএফবিইউ। সংগঠনের ঘোষণা অনুযায়ী, আগামী মাসে প্রথমে একদিন এবং পরবর্তীতে টানা তিন দিন ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকতে পারে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান নিয়মে ব্যাঙ্কের কর্মীরা কেবল মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান। তবে দীর্ঘদিনের দাবি মেনে এবার মাসের প্রতিটি শনিবার সহ সপ্তাহে পাঁচ দিন ছুটির দাবিতে অনড় রয়েছেন কর্মচারীরা। একই সঙ্গে পিএলআই স্কিমের বর্তমান বৈষম্যমূলক নীতি পরিবর্তনের দাবিও তোলা হয়েছে, যাতে সমস্ত কর্মী সমানভাবে ইনসেনটিভ পান।
কর্মসূচির তালিকা অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘট পালিত হবে। এরপর ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট চলবে। পরিস্থিতি ও আলোচনার ওপর ভিত্তি করে দাবি না মানলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইউনিয়ন।
অক্টোবরের শুরুতেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং পরবর্তী পুরো সময়টাই উৎসবের মরশুম। এই ছুটির মরশুমের ঠিক আগে এবং চলাকালীন ব্যাঙ্ক ধর্মঘট অব্যাহত থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন ও আর্থিক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।