“রাস্তায় পার্টি অফিস চললে দোষ নেই, গরিবের দুধ গরম করায় আপত্তি কেন?” অগ্নিমিত্রা পালকে নিয়ে সরাসরি তোপ নওসাদের!

পার্কস্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করার অভিযানে গিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের একটি ভিডিও ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে তুঙ্গে উঠেছে বিতর্ক। ফুটপাথে উনুন জ্বালিয়ে এক প্রৌঢ়ার বাচ্চার দুধ গরম করার দৃশ্য দেখে মন্ত্রীর মেজাজ হারানোর ঘটনাটি নিয়ে এবার তীব্র সমালোচনায় মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওসাদ সিদ্দিকী।
এদিন এই প্রসঙ্গে শাসক শিবিরকে কটাক্ষ করে নওসাদ প্রশ্ন তোলেন, রাস্তা ও ফুটপাত দখল করে রাজনৈতিক দলের পার্টি অফিস চলতে পারলে, একজন গরিব মায়ের নিজের শিশুর জন্য খাবার বা দুধ তৈরি করার ক্ষেত্রে কেন এত আপত্তি তোলা হবে? সাধারণ মানুষের পেটের ভাত ও জীবিকাকে এভাবে হেনস্তা করার তীব্র প্রতিবাদ জানান তিনি।
উল্লেখ্য, পার্কস্ট্রিট চত্বরে জবরদখল হটাতে গিয়ে ফুটপাথের ওপর জ্বলন্ত উনুন ও রান্নার সরঞ্জাম দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মন্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশিষ্ট মহলেও সমালোচনার ঝড় উঠেছে। এবার আইএসএফ বিধায়কের এই জোরালো মন্তব্য বিতর্ককে আরও উসকে দিল।