প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার পথে বাংলা! রায়চকের মেগা প্রজেক্টসহ ৫ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রীর

দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এক বিশাল অর্থনৈতিক ও কৌশলগত পদক্ষেপ করল কেন্দ্র। রবিবার কলকাতার জিআরএসই ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE) এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের (YIL) মোট পাঁচটি নতুন ব্রাউনফিল্ড প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কিডডারপুর, শালিমার, রায়চক এবং ইছাপুরের বিভিন্ন প্রকল্পস্থলে একযোগে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এদিনের এই মেগা প্রকল্পের আওতায় সবচেয়ে বড় উদ্যোগটি নেওয়া হয়েছে হুগলি নদীর তীরে রায়চকে। শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতার সঙ্গে লিজ চুক্তির মাধ্যমে এখানে ৩২ একর জমির ওপর গড়ে উঠছে একটি সুবিশাল রিভারসাইড ফ্যাসিলিটি। এর জন্য আড়াই হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে। এই কেন্দ্রে ৩৫৬ মিটার ওয়াটারফ্রন্ট এবং ২০০ মিটার ড্রাই ডক তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে ২০০ মিটার পর্যন্ত দীর্ঘ যুদ্ধজাহাজ এবং ৬০ হাজার ডিডব্লিউটি পর্যন্ত বাণিজ্যিক জাহাজ নির্মাণ করা সম্ভব হবে।
পাশাপাশি, প্রায় একশো কোটি টাকা বিনিয়োগ করে শালিমারের টিম্বার পন্ড ফ্যাসিলিটি নতুন রূপ পেতে চলেছে। এখানে মাঝারি আকারের জাহাজ তৈরি ও মেরামতের কাজ হবে। অন্যদিকে, ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে সাতশো কোটি টাকারও বেশি বিনিয়োগে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারী উৎপাদনের প্রকল্প শুরু হচ্ছে। এর মধ্যে একটির মাধ্যমে বন্দুকের ব্যারেল, গোলাবারুদ যন্ত্রাংশ এবং অন্যটিতে সুপার অ্যালয় ফোরজিংস, এরিয়াল বম্ব টিউব ও পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ তৈরি করা হবে।
প্রতিরক্ষামন্ত্রীর এই পদক্ষেপে একদিকে যেমন বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমবে, তেমনই রাজ্যজুড়ে ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলির জন্য নতুন কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।