স্মার্টফোনের কিস্তির কিশলয়! কিস্তি দিতে না পেরে যমুনায় ঝাঁপ দিলেন নাচের শিক্ষক

দিল্লিতে আইফোনের মাসিক কিস্তি বা ইএমআই মেটানোর আর্থিক চাপ সইতে না পেরে এক নাচের শিক্ষক যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কালিন্দী কুঞ্জের ভোলা ঘাটের কাছে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ যমুনায় এক ব্যক্তি নেমে পড়েছেন বলে খবর পৌঁছয় কর্তব্যরত কর্মীদের কাছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যা দফতরের সঙ্গে যোগাযোগ করে। এরপর একটি নৌকা নিয়ে উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছয় এবং ওই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম দীপক কুমার। বয়স ৩০ বছর। তিনি ওখলার সঞ্জয় কলোনিতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন। পেশায় নাচের শিক্ষক হলেও পরিবারের খরচ চালাতে তিনি বাগানের কাজ করেও অতিরিক্ত আয় করতেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে দীপক জানান, গত কয়েক মাস ধরে তাঁর আয় অনেকটাই কমে গিয়েছিল। এর ফলে একটি আইফোনের মাসিক কিস্তি সময়মতো শোধ করতে গিয়ে তিনি তীব্র আর্থিক সঙ্কটের মধ্যে পড়েন। এই ক্রমবর্ধমান আর্থিক চাপ ও মানসিক অবসাদের কারণেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছিলেন বলে স্বীকার করেন। ঘটনার পর পুলিশ তাঁর স্ত্রী ও শ্যালকের সঙ্গে যোগাযোগ করে কাউন্সেলিং ও আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের হাতে তুলে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *