বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফেতে চরম অপমান! গ্রাহকের বিলে নাম না লিখে লেখা হলো ‘ছোট কালো শার্ট পরা মোটা মানুষ’

নাম বা অর্ডারের নম্বরের বদলে বিলে গ্রাহকের বর্ননা হিসেবে লেখা হলো ‘ছোট কালো শার্ট পরা মোটা মানুষ’! আর এই অদ্ভুত ও অপমানজনক অভিজ্ঞতার পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন এক গ্রাহক। বেঙ্গালুরুর সুবকো (Subko) ক্যাফেতে ঘটা এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ঘটনার সূত্রপাত ওই ক্যাফেতে ওই গ্রাহকের যাওয়া এবং খাবার অর্ডার করাকে কেন্দ্র করে। অভিযোগ, ক্যাফের কর্মীরা তাঁর নাম বা টেবিল নম্বর ব্যবহার করার পরিবর্তে তাঁর শারীরিক গঠন এবং পোশাকের রঙকে বিলে ফুটিয়ে তোলেন। বিলে নিজের এমন বিবরণ দেখে রীতিমতো অবাক ও অপমানিত বোধ করেন ওই গ্রাহক। এর পরই তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই বিলের একটি কপি শেয়ার করে প্রশ্ন তোলেন, কেন একজন গ্রাহককে এমন কুরুচিকর উপায়ে চিহ্নিত করা হবে?

পোস্টটি শেয়ার হওয়ার মুহূর্তেই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। নেটপাড়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। তীব্র সমালোচনা এবং প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করেছে ওই ক্যাফে কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ঘটনার সমস্ত দায় তারা নিচ্ছেন এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে তাদের অভ্যন্তরীণ অভিযোগ নিবারণ কমিটি।

ক্যাফের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে জানানো হয়েছে, “কিছু ভুল চুপচাপ শুধরে নেওয়া যায়, আর কিছু ভুল প্রকাশ্যে স্বীকার করতে হয়। কারণ নীরব থাকলেই এই ধরনের সংস্কৃতির জন্ম হয়। যে অতিথি এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, আমরা তাঁর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।” বডি শেমিং বা শরীর নিয়ে উপহাস করাকে যে তারা কখনই প্রশ্রয় দেয় না, তাও স্পষ্ট করে দিয়েছে ক্যাফে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *