স্ত্রীর অফিসে গিয়ে গুলি, বাড়ি ফিরে বোনকে খুন! এসবিআই কর্মীর ভয়ঙ্কর কাণ্ডে তোলপাড়

লখনউয়ের জোড়া খুন এবং আত্মহত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এসবিআই (SBI)-এর এক কর্মীর বিরুদ্ধে প্রথমে তাঁর স্ত্রীকে গুলি করে খুন এবং পরবর্তীতে বাড়িতে ফিরে নিজের বোনকে খুন করার পর আত্মহত্যার অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই নৃশংস ঘটনার নেপথ্যে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আর্থিক দাবি ও বিরোধ একটি বড় কারণ হতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, লখনউয়ের অভিজাত এলাকা গোমতি নগরের একটি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের শাখার বাইরে গত বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। ৩৮ বছর বয়সি মানস বাজপেয়ী তাঁর স্ত্রী দিব্যা মিশ্রকে ব্যাঙ্কের বাইরে ডেকে পাঠান। দিব্যা ওই ব্যাঙ্কেই কর্মরত ছিলেন। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটির পরই মানস তাঁর ওপর চড়াও হন এবং গুলি চালান। রক্তাক্ত অবস্থায় দিব্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্ত্রীকে খুন করার পর সোজা বাড়ি চলে যান মানস। সেখানে গিয়ে নিজের বোনকে গুলি করার পর তিনি নিজেও আত্মঘাতী হন। এই ঘটনার পর থেকেই এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ১২ বছর আগে মানস ও দিব্যার বিয়ে হয়েছিল। তবে বিগত কিছু দিন ধরে তাঁরা আলাদা থাকছিলেন। দিব্যা বিবাহবিচ্ছেদের জন্য আবেদনও করেছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের খোরপোশ বা সেটেলমেন্ট হিসেবে দিব্যা ১ কোটি টাকা দাবি করেছিলেন। হত্যাকাণ্ডের মাত্র দু’দিন আগেই স্থানীয় আদালতে এই মামলাটির শুনানি হয়েছিল। ঠিক এই ১ কোটি টাকার আর্থিক দাবি ও বিরোধের জেরে এমন চরম সিদ্ধান্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ইতিমধ্যেই দম্পতির বিবাহবিচ্ছেদের আইনি নথি উদ্ধার করেছে এবং মামলার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *