রেলপথের বিপ্লব! দেশের প্রথম ডাবল-স্ট্যাক লং-হল ট্রেন চালিয়ে ঐতিহাসিক রেকর্ড গড়ল ভারতীয় রেল

পণ্য পরিবহণ ব্যবস্থার মানোন্নয়ন এবং লজিস্টিকস খরচ কমানোর ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করল ভারতীয় রেল। মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট (JNPT) থেকে দেশের প্রথম ডাবল-স্ট্যাক লং-হল কন্টেনার ট্রেন সফলভাবে চালুর মাধ্যমে রেল পরিবহণে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ২১ অগস্ট ২০২৬ তারিখে রাত ৭টায় জেএনপিটি থেকে যাত্রা শুরু করে ট্রেনটি প্রায় ৪২২ কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাতের ভাদোদরা ডিভিশনের ভার্নামায় কনকরের (CONCOR) জিসিটি টার্মিনালে এসে পৌঁছায়।

রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিশেষ লং-হল ট্রেনটিতে দুটি ডাবল-স্ট্যাক রেক যুক্ত করা হয়েছিল। দুটি রেক মিলিয়ে মোট ৩৬০ টিইইউএস (TEUs) কন্টেনার অত্যন্ত সফলভাবে পরিবহন করা হয়েছে। এর মধ্যে প্রথম রেকে ৪৫+১ লোড এবং ৬০৩১১ লোকোমোটিভের মাধ্যমে ১,৮১৭ টন পণ্য বহন করা হয়। অন্যদিকে, দ্বিতীয় রেকে ৪৫+১ লোড এবং ২৪৬৯০ লোকোমোটিভের মাধ্যমে ২,১০৫ টন পণ্য পরিবহন করা হয়েছে।

পণ্য পরিবহণে কেন এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ?

বিশেষজ্ঞদের মতে, একই ট্রেনে বিপুল পরিমাণ কন্টেনার পরিবহণ করার এই প্রযুক্তির ফলে লজিস্টিকস ক্ষেত্রে একাধিক সুবিধা মিলবে:

সময় ও খরচ সাশ্রয়: একসঙ্গে অনেক বেশি পণ্য পরিবহণ করা সম্ভব হওয়ায় সামগ্রিক ট্রানজিট টাইম এবং পরিবহণ খরচ অনেকটাই হ্রাস পাবে।

বন্দরের জটমুক্তি: জেএনপিটি-সহ বিভিন্ন ফ্রেট টার্মিনালে অতিরিক্ত কন্টেনার জমে থাকার প্রবণতা কমবে এবং দ্রুত কন্টেনার খালি করা সম্ভব হবে।

পরিকাঠামোর সঠিক ব্যবহার: কম সংখ্যক ট্রেন চালিয়ে বেশি পণ্য পরিবহন করা যাওয়ায় রেলওয়ের রুট ক্যাপাসিটির আরও কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।

পরিবেশবান্ধব ও দূষণমুক্ত: সম্পূর্ণ বৈদ্যুতিক ইঞ্জিনে চালিত এই ট্রেন চালুর ফলে ডিজেল-নির্ভর সড়ক পরিবহণের ওপর নির্ভরতা কমবে। এর ফলে সড়কপথে ট্রাকের সংখ্যা হ্রাসের পাশাপাশি কার্বন নিঃসরণ এবং ট্রাফিক জ্যাম অনেকাংশে কমানো সম্ভব হবে।

সব মিলিয়ে, রেলওয়ের এই যুগান্তকারী পদক্ষেপ দেশের সরবরাহ ও বাণিজ্য়িক পরিকাঠামোকে আগামী দিনে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *