প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থ স্ত্রীর পাশে মুখ্যমন্ত্রী! হাসপাতালে গিয়ে যা করলেন শুভেন্দু, জানলে মন ছুঁয়ে যাবে

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য বর্তমানে অসুস্থ অবস্থায় কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রচণ্ড পেটের ব্যথার সমস্যা নিয়ে তিনি গত বৃহস্পতিবার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। শনিবার সন্ধ্যায় তাঁকে দেখতে সোজাসুজি হাসপাতালে গিয়ে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে মাঝেমধ্যেই তীব্র পেটের ব্যথায় ভুগছিলেন ৭৬ বছর বয়সি মীরা দেবী। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে পৌঁছে প্রায় রাত আটটা পর্যন্ত সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার প্রয়োজনে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও তিনি দিয়েছেন। মীরা দেবীর শারীরিক অবস্থা স্থিতিশীল শোনার পর আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালের বাইরে বেরিয়ে তিনি জানান, মীরা দেবী সুস্থ রয়েছেন জেনে তাঁর চোখে আনন্দের জল চলে এসেছিল। এরপর হাত জোর করে মীরা দেবীর থেকে আশীর্বাদও নেন তিনি।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জনমুখী কাজের পাশাপাশি বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পত্নীকে। এছাড়া রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও বিশেষ পদক্ষেপ করা হয়েছিল। সবমিলিয়ে, প্রবীণ ও বিশিষ্ট এই ব্যক্তিত্বের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁর পাশে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক মহলে এক বিশেষ মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *