‘মেয়েরা কি কারো সম্পত্তি?’-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দিকে প্রশ্ন রাহুলের

দিল্লির যন্তর মন্তরে আয়োজিত ছাত্রবিক্ষোভ এবং তা ঘিরে চলা রাজনৈতিক তরজা বর্তমানে জাতীয় রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এই আবহে সাম্প্রতিক ছাত্রবিক্ষোভের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, সমাজে ছেলেরা কুরুচিকর বা কটূক্তি করলেও তা নিয়ে বিশেষ মাথাব্যথা থাকে না, কিন্তু মেয়েরা প্রতিবাদী হয়ে উঠলে বা মুখ খুললেই সমাজের তথাকথিত সংস্কারে আঘাত লাগে।

শনিবার ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, নারীদের একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা, তাঁদের নিয়ন্ত্রণ করার মানসিকতাই পিতৃতান্ত্রিক ব্যবস্থার পরিচয়। তাঁর মন্তব্য, সমাজ যেন এখনও মেয়েদের স্বাধীনতা সহ্য করতে পারে না, যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।

মনুস্মৃতির প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা আরও বলেন, নারীদের সবসময় নিয়ন্ত্রণ করার যে পুরনো ধারণা সমাজে চলে আসছে, তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। দেশের ভবিষ্যৎ গড়তে হলে এই শৃঙ্খল ভাঙা অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি পড়ুয়াদের বিক্ষোভের একটি ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষ্মা প্রকাশ করে বলেছিলেন যে, আন্দোলনস্থল থেকে তাঁর এবং তাঁর প্রয়াত মায়ের নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। দেশের কন্যারা এ ধরনের ভাষা ব্যবহার করায় তিনি ‘কালচারাল শক’ বা সাংস্কৃতিক ধাক্কা পেয়েছেন বলে উল্লেখ করেছিলেন। তবে তিনি তাঁদের ক্ষমা করে দেওয়ার কথাও জানান। সেই প্রসঙ্গ ধরেই এবার প্রধানমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন রাহুল গান্ধী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *