১ সেপ্টেম্বর থেকে বিদেশযাত্রার নিয়মে বিরাট বদল! ইমিগ্রেশন কাউন্টারে আর দিতে হবে না স্ট্যাম্প

বিদেশযাত্রার ক্ষেত্রে বিমানবন্দরগুলিতে দীর্ঘদিনের ঝক্কি থেকে বড় স্বস্তি পেতে চলেছেন যাত্রীরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের বিমানবন্দরগুলি থেকে আন্তর্জাতিক উড়ানে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে আর বোর্ডিং পাসে স্ট্যাম্প করাতে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ ইমিগ্রেশন (BOI) দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এই নিয়ম তুলে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক যাত্রীদের ফিজিক্যাল বা প্রিন্ট করা বোর্ডিং পাস সঙ্গে রাখা বা তাতে বাধ্যতামূলকভাবে স্ট্যাম্প করানোর আর কোনো প্রয়োজন নেই। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় যাত্রীরা তাঁদের স্মার্টফোনে থাকা ইলেকট্রনিক বোর্ডিং পাস বা ই-বোর্ডিং পাস ব্যবহার করতে পারবেন। তবে যাঁদের কাছে ফিজিক্যাল বোর্ডিং পাস থাকবে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেটি গ্রহণ করলেও তাতে আর কোনো সিল বা স্ট্যাম্প মারবে না।

এতদিন পর্যন্ত ফিজিক্যাল বোর্ডিং পাসে শারীরিক স্ট্যাম্প দেওয়ার নিয়মের কারণে যাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হতো। অনেক সময় ভুল বা অস্পষ্ট স্ট্যাম্পের কারণে বোর্ডিং পাসের লেখা পড়তে সমস্যা হওয়ায় হেনস্থার শিকার হতেন যাত্রীরা। সেই ভোগান্তি দূর করতেই এই পর্যালোচনাভিত্তিক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি, ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে ইমিগ্রেশনের সময় প্রবেশ ও প্রস্থানের স্ট্যাম্প দেওয়ার নিয়ম তুলে দেওয়ার জন্যও একটি পাইলট প্রকল্প নেওয়ার পরিকল্পনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *