ভারতের মহাকাশ খাতে বিপ্লব! মোদীর সাথে বৈঠকে বড় ঘোষণা দেশের ২০ স্টার্টআপ সিইও-র

দেশের মহাকাশ খাতের স্টার্টআপগুলোর ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ২০টি শীর্ষস্থানীয় মহাকাশ স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মেধা এবং সাহসিকতার দিক থেকে ভারত আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর পরিষ্কার বার্তা, আপনারা ঝুঁকি নিন, আপনাদের পেছনে সম্পূর্ণভাবে রয়েছে সরকার।
বৈঠকে অংশ নেওয়া উদ্যোক্তাদের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রধানমন্ত্রী নীতির স্থিতিশীলতার ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ভালো নীতিই সবসময় ঝুঁকি গ্রহণকারী উদ্যোক্তাদের মনে আত্মবিশ্বাস জোগায়। বারবার নীতি বদলানোর পক্ষপাতী নন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনারা একটি সম্পূর্ণ নতুন ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। সবচেয়ে বড় কথা আপনারা সরকারের ওপর ভরসা রেখেছেন। আমরা এই আস্থার পরিবেশ বজায় রাখতে চাই। ভুলত্রুটি মানুষেরই হয়, কিন্তু সরকারের তরফে কেউ কখনও উদ্যোক্তাদের একা ছেড়ে দেবে না।
বর্তমানে দেশে প্রতিভার কোনো কমতি নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যাতে বিশ্ব মহাকাশ খাতের কথা ভাবলেই সবার আগে ভারতের নাম মনে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেরার সেরা প্রতিভাকে চুম্বকের মতো টেনে নেওয়ার ক্ষমতা রাখে আমাদের দেশ। সাশ্রয়ী খরচ এবং প্রতিডার উচ্চমানের কারণে ভারত খুব শীঘ্রই এই সেক্টরে একটি বিশ্বমানের স্থান দখল করবে বলে তিনি আশাবাদী। একইসঙ্গে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই মহাকাশ বিজ্ঞান নিয়ে কৌতূহল বাড়াতে অটল টিঙ্কারিং ল্যাবগুলোকে আরও সক্রিয়ভাবে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন তিনি।
এদিনের এই বিশেষ বৈঠকে দেশের মহাকাশ প্রযুক্তির নামী-দামী সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী ২০টি স্টার্টআপের তালিকার মধ্যে উল্লেখযোগ্য হলো স্কাইরুট এরোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেল, ধ্রুবা স্পেস, গ্যালাক্সিআই, পিয়ারসাইট, বেলাট্রিক্স এরোস্পেস, দিগন্তারা, স্যাটশিওর, সুহোরা টেকনোলজিস, মানস্তু স্পেস, অ্যাস্ট্রোবেস, টেকমিটুস্পেস, ভায়োমিক, কসমোসার্ভ স্পেস, অরবিটএড এরোস্পেস, স্কাইসার্ভ, সেরেন্ডিপিটি স্পেস, ভ্যাসার ল্যাবস এবং মিস্টইও। এই শীর্ষ বৈঠক দেশের আগামী দিনের মহাকাশ অর্থনীতিকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টমহল।